মাত্র সাত মাসেই বরখাস্ত হওয়া জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন প্রত্যাশা পূরণের চাপ নিয়ে। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে দলকে বের করতে পারেননি। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হচ্ছে। আগামীকাল (শনিবার) অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগায় ক্লাবটির ডাগআউটে শেষবার দাঁড়াচ্ছেন।
আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন আরবেলোয়া। নতুন মৌসুমে আর দায়িত্ব চালিয়ে নিতে চান না তিনি। তার উত্তরসূরি কে হচ্ছেন, এমন প্রশ্নে হোসে মরিনহোর কথা জোর দিয়ে বললেন। যদিও পর্তুগিজ কোচের স্টাফ দলে তিনি থাকবেন না, তা পরিষ্কার করে জানিয়ে দিলেন। বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, মরিনহো মৌখিকভাবে রিয়ালের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
লিগে নিজেদের শেষ ম্যাচকে ঘিরেই আরবেলোয়া শুরু করেছিলেন, ‘আমি একটি দুর্দান্ত ম্যাচ দেখতে চাই, সমর্থকদের বিদায় জানাতে চাই এবং তাদের একটি জয় উপহার দিতে চাই। ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলা সবসময়ই বিশেষ কিছু। আমি চাই বার্নাব্যু এটি উপভোগ করুক।’
এটি চূড়ান্ত বিদায় কি না জানতে চাওয়া হলে তিনি নিজের আবেগ লুকিয়ে রাখেননি, ‘আমি আশা করি এটি অনেকটা এরকম ‘আবার দেখা হবে’। আমি সবসময়ই মাদ্রিদকে আমার নিজের ঘর মনে করেছি। আমি ২০ বছর ধরে এই ক্লাবের অংশ। এই মৌসুমে এটিই আমার শেষ ম্যাচ—আমি জানি না মাদ্রিদের কোচ হিসেবে এটিই আমার জীবনের শেষ ম্যাচ কি না। আমি এটি উপভোগ করার এবং জয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করব।’
পরে সরাসরি জানতে চাওয়া হয়, তিনি কি চলে যাচ্ছেন? আরবেলোয়ার সোজা জবাব, ‘হ্যাঁ। আমি আমার খেলোয়াড়দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়ছি। তারা আমাকে অনেক ভালো মানুষ বানিয়েছে। প্রত্যেক দিন উপভোগ করতে সাহায্য করেছে, অনেক কিছু শিখেছি। আগের চেয়ে এখন অনেক ভালো কোচ হতে পেরেছি তাদের জন্য।’
মরিনহো এলে তার কোচিং স্টাফ দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বললেন, ‘আমি এখানে সম্ভাবনা নিয়ে কথা বলতে আসিনি। মরিনহোর ক্ষেত্রে, তার দুর্দান্ত কোচিং স্টাফ আছে, তার মতোই ভালো। সে রিয়াল মাদ্রিদে আসলে তার কোচিং স্টাফ দল নিয়ে আসবে, সেটাই উচিত। তাই আমি তার সঙ্গে যোগ দেবো, এমন কোনো সম্ভাবনা নেই।’
এনিয়ে টানা দ্বিতীয় মৌসুম কোনো ট্রফি ছাড়া শেষ করল রিয়াল। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হারে তারা। কোপা দেল রেতেও শেষ ষোলোতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে বিদায় নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে। লা লিগাতে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে বার্সার শিরোপা।
এফএইচএম
