সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্টের পর এবার ঘরোয়াতেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জিতল তার দল আবাহনীও।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ শনিবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল অগ্রণী ব্যাংক। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অমিত হাসান, মার্শাল আইয়ুব ও শুভাগত হোম কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে মাঝপথে চাপে পড়ে দলটি।
এই অবস্থায় দলের হাল ধরেন নাসির হোসেন। একপ্রান্ত আগলে রেখে খেলেন ৫৮ বলে ৫৬ রানের ইনিংস। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সাপোর্ট না পাওয়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি অগ্রণীর। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় দলটি।
আবাহনীর বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৮ ওভারে মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট নেন। এ ছাড়া মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও রোহানাত দৌল্লাহ বর্ষণও দুটি করে উইকেট শিকার করেন।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জিসান আলমের উইকেট হারায় আবাহনী। ব্যক্তিগত ৬ রানে সন্দীপ রায়ের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৭১ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করে দেন নাজমুল হোসেন শান্ত ও মাহিদুল ইসলাম অঙ্কন।
শান্ত করেন দুর্দান্ত এক অপরাজিত ৯০ বলে ১০৮ রান। ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন শান্তর যোগ্য সঙ্গী। ৮৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা।
এসএইচ
