বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডিফেন্ডারের বিদায় নিশ্চিত করল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডিফেন্ডারের বিদায় নিশ্চিত করল রিয়াল

১৩ বছরে বায়ার্ন মিউনিখকে ২৫ ট্রফি জিতিয়ে ২০২১ সালে রিয়াল মাদ্রিদে পা রাখেন ডেভিড আলাবা। ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন, ফ্রি এজেন্ট হয়েই বিদায় নিচ্ছেন তিনি। স্প্যানিশ রাজধানীতে পাঁচ বছর কাটিয়ে চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন এই ডিফেন্ডার।

অস্ট্রিয়া আন্তর্জাতিক ফুটবলার মাদ্রিদের সঙ্গে দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এছাড়া কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও আন্তঃমহাদেশীয় কাপে শিরোপা জিতেছেন।

প্রথম দুই মৌসুমে নিয়মিত দলে ছিলেন আলাবা। লিভারপুলের বিপক্ষে ২০২২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন। কিন্তু পরবর্তী কয়েক মৌসুম কেটেছে ইনজুরির কারণে সাইডলাইনে।

২০২৩ সালের ডিসেম্বরে এসিএল ইনজুরিতে ১৩ মাস মাঠের বাইরে ছিলেন আলাবা। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাদ্রিদের পরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের ম্যাচে খেলতে পারেননি। ইউরো ২০২৪-এ অস্ট্রিয়ার সঙ্গেও খেলা হয়নি।

গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র ৪৬ ম্যাচ খেলেন আলাবা। এই মৌসুমে মাঠে ছিলেন মাত্র ৫০৫ মিনিট, গতবার ৬০০ মিনিট। দুটি মৌসুমই রিয়াল শেষ করেছে খালি হাতে।

এবার ক্লাব নিশ্চিত করল, অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে আজ লা লিগার ম্যাচ শেষে আলাবা রিয়াল ছাড়বেন। ক্লাবের ওপর তার প্রভাব নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ‘ডেভিড আলাবা তার ত্যাগ, কঠোর পরিশ্রম ও ১৪তম ইউরোপিয়ান কাপে আমাদের পথচলায় একটি স্মরণীয় ছবির জন্য সব মাদ্রিদ ভক্তের ভালোবাসা অর্জন করেছে, যেটা একটি বিজয় উদযাপনের প্রতীক এবং এখন আমাদের ক্লাবের ইতিহাসের অংশ। রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়েই থাকবে।’

এফএইচএম