আইপিএল মানেই রান আর চার-ছক্কার ছড়াছড়ি। বাকি বোলাররা যেখানে রান বাঁচাতে ব্যাপক সংগ্রাম করতে হচ্ছিল, এর মাঝে ব্যতিক্রমী চরিত্র নিয়ে হাজির হতেন জাসপ্রিত বুমরাহ। তবে এবারের আইপিএলে আর তিনি সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। ১৩ ম্যাচেও ৫ ছুঁতে পারেনি উইকেটের দৌড়। অফ-ফর্ম নিয়ে ধুঁকতে থাকা এই তারকাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছিলেন। যা ভারতের টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে রেখেছে দারুণ ভূমিকা। ডানহাতি এই বোলারের ইকোনমিও ঈর্ষনীয়, ৬.২১। কিন্তু তিনি নাকি আইসিসির এই মেগা ইভেন্টে চোট নিয়ে খেলেছেন। এমনটা দাবি করেছেন মুম্বাইয়ের কোচ ও শ্রীলঙ্কান কিংবদন্তি জয়াবর্ধনে। যার প্রভাব পড়েছে বুমরাহ’র আইপিএল পারফরম্যান্সে।
বুমরাহ’র চোট নিয়ে জয়াবর্ধনে বলছেন, ‘বিশ্বকাপ থেকে ফেরার পরও তার হালকা চোট ছিল, যা নিয়েই সে পুরো বিশ্বকাপ খেলেছে। তাই ফেরার পর তাকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছি। প্রথম চার-পাঁচটি ম্যাচ ছিল তার পুরোপুরি সেরে ওঠার একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর ওই কারণেই তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল।’
চলমান আইপিএলে বুমরাহ’র বোলিংয়ের গতি বেশ কমে গেছে বলে বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছিল। যদিও সঠিক কারণটা জানা যাচ্ছিল না। পুরো বিষয়টি নিয়ে মুম্বাইয়ের প্রধান কোচ বলছেন, ‘এখন সে পূর্ণ গতিতে বোলিং করছে। গত চার-পাঁচটি ম্যাচে ভালো করেছে। তবে কেউ যখন এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তখন পরিকল্পনা বাস্তবায়নের ধার কিছুটা কমে যায়; কারণ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চোটও সামলাতে হয়।’
— Cricbuzz (@cricbuzz) May 23, 2026
ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার দলের হয়ে ১৩ ম্যাচের সবকটিতেই খেলেছেন বুমরাহ। যেখানে উইকেট নিতে পেরেছেন স্রেফ ৪টি। যা তার নামের পাশে একদমই মানানসই নয়। এ ছাড়া ২০১৫ সালের পর এই প্রথম আইপিএলে ওভারপ্রতি আটের বেশি (৮.৩৬) রান দিয়েছেন তিনি। এর আগে আইপিএলে ১০টির বেশি ম্যাচ খেলে কেবল একবারই পাঁচের বেশি উইকেট নিতে পারেনি বুমরাহ। সেটাও সেই ২০১৪ সালে, তার ক্যারিয়ারের প্রথম দিকে।
ওই আসরে বুমরাহ ১১ ম্যাচে ৭.৫৮ রানের গড়ে ৫ উইকেট শিকার করেছিলেন। কিন্তু ক্যারিয়ারে চূড়ান্ত সময়ে এসে তার বোলিংয়ে এমন করুণ দশা বেশ আলোচিত। তার মতো বাজে ফর্ম যাচ্ছে মুম্বাইয়েরও। যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জেতা ফ্র্যাঞ্চাইজিটি এবারের আইপিএলে ১৩ ম্যাচ খেলে স্রেফ চারটি জিততে পেরেছে তারা। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করা দলটি পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে। বাকি আছে আরেকটি ম্যাচ।
এএইচএস
