বিজ্ঞাপন

আলাবার সেই বিখ্যাত ‘চেয়ার উদযাপন’ ও আবেগী বিদায়

আলাবার সেই বিখ্যাত ‘চেয়ার উদযাপন’ ও আবেগী বিদায়

সান্তিয়াগো বার্নাব্যুতে অবসান ঘটল আরও একটি সোনালী অধ্যায়ের। অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের দুই তারকা দানি কারভাহাল এবং ডেভিড আলাবার আবেগঘন বিদায়মঞ্চ। রিয়াল ইতিহাসের অন্যতম সফল এই দুই ডিফেন্ডারের বিদায়লগ্নে বার্নাব্যুর গ্যালারিতে দেখা যায় এক দারুণ দৃশ্য। ডেভিড আলাবার সেই বিখ্যাত চেয়ার উদযাপন ফিরিয়ে এনে গ্যালারিতে হাজার হাজার চেয়ার বাতাসে উঁচিয়ে ধরে বিদায়ী সালাম জানান রিয়াল সমর্থকরা।

ম্যাচের ৬৮তম মিনিটে যখন ডেভিড আলাবাকে তুলে নেওয়া হচ্ছিল, তখন পুরো বার্নাব্যুর গ্যালারি দাঁড়িয়ে হাততালি দেওয়ার পাশাপাশি শত শত প্লাস্টিকের চেয়ার মাথার ওপর উঁচিয়ে ধরে। ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে রিয়ালের মহাকাব্যিক প্রত্যাবর্তনের পর আলাবার সেই আইকনিক চেয়ার উঁচিয়ে উদযাপনের প্রতি সম্মান জানাতেই ভক্তরা এই অভিনব কাণ্ড করেন।

অশ্রুসিক্ত চোখে রিয়াল মাদ্রিদ টিভিকে এই ডিফেন্ডার বলেন, ‘আমি কোনো ভাষণ প্রস্তুত করে আসিনি। খুব সংক্ষেপে বলব, আপনাদের এই ৫ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার হাঁটুর ইনজুরির সেই কঠিন দিনগুলোতে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, তা আমি কোনোদিন ভুলব না। রিয়াল মাদ্রিদ আজীবন আমার হৃদয়ে থাকবে।’

রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা ও সবচেয়ে সফল রাইট-ব্যাক দানি কারভাহাল যখন মাইক্রোফোন হাতে বিদায়ী ভাষণ দিতে দাঁড়ান, তখন পুরো স্টেডিয়াম জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। কান্নাভেজা কণ্ঠে কারভাহাল ধন্যবাদ জানান রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে।

তিনি বলেন, ‘ধন্যবাদ আমাদের সভাপতি মিস্টার ফ্লোরেন্তিনোকে। জার্মানি থেকে তিনিই আমাকে ফিরিয়ে এনেছিলেন। সবচেয়ে বড় কথা, আমার সেই গুরুতর হাঁটুর ইনজুরির পর ২৪ ঘণ্টাও পার হয়নি, তিনি কোনো দ্বিধা ছাড়াই আমার চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন। এর জন্য আমি চিরকৃতজ্ঞ।’

এমএমএম/