বিজ্ঞাপন

‘সুস্পষ্ট ব্যর্থতার’ এক মৌসুম শেষে বরখাস্ত অ্যালেগ্রি

‘সুস্পষ্ট ব্যর্থতার’ এক মৌসুম শেষে বরখাস্ত অ্যালেগ্রি

চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়ার কারণে এসি মিলান তাদের প্রধান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে। সদ্য শেষ হওয়া মৌসুমকে ‘সুস্পষ্ট ব্যর্থতার’ আখ্যা দিয়ে ক্লাবের প্রধান নির্বাহী জর্জিও ফুরলানিকেও ছাঁটাই করেছে তারা। তবে বিশেষ উপদেষ্টা ও ক্লাব লিজেন্ড জ্লাতান ইব্রাহিমোভিচকে তার দায়িত্বে বহাল রেখেছে সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।

দলের আমেরিকান মালিকানা কোম্পানি রেডবার্ড ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন রোববার দুর্বল কাগলিয়ারির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয় মিলান।

ম্যাচ শেষে অ্যালেগ্রির দলকে তাদেরই ভক্তরা দুয়ো দেয়। অথচ এই দলটি বেশিরভাগ সময় সিরি আ-র শীর্ষ দুইয়ে থেকে শিরোপার জন্য লড়ছিল। কিন্তু শেষ আট ম্যাচে মাত্র দুই জয়ে পাঁচে থেকে মৌসুমের ইতি টেনেছে। টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হওয়া মিলানকে খেলতে হবে ইউরোপা লিগে।

রেডবার্ড এক বিবৃতি দিয়েছে, ‘চূড়ান্ত পর্যায়ের পারফরম্যান্স দলের সামগ্রিক পারফরম্যান্সের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। শেষ ম্যাচে গত রাতের হতাশাজনক পরাজয় পুরো মৌসুমকে একটি সুস্পষ্ট ব্যর্থতায় পরিণত করেছে।’

আরও বলা হয়েছে, ‘এখন সময় হয়েছে পরিবর্তন এবং ফুটবল অপারেশনগুলোর একটি ব্যাপক পুনর্গঠনের। আমরা সিইও জর্জিও ফুর্লানি, স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে, হেড কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এবং টেকনিক্যাল ডিরেক্টর জিওফ্রে মনকাডার সাথে সম্পর্ক ছিন্ন করছি, যা অবিলম্বে কার্যকর হবে। আমরা এসি মিলানে তাদের নিজ নিজ মেয়াদে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই।’

আগের মৌসুমে সিরি আ অষ্টম স্থানে থেকে শেষ করেছিল মিলান। চ্যাম্পিয়ন্স লিগে দলের ফেরা দেখতে অ্যালেগ্রিকে গত বছর ফেরানো হয়েছিল। ১১ বছর পর পুরোনো ক্লাবে ফিরলেও হতাশা নিয়ে থামতে হলো তাকে। ৪২ ম্যাচে মাত্র ২২ জয়, ১০ ড্র  ও ১০ হার তাদের।

রেডবার্ডের ম্যানেজিং ডিরেক্টর গেরি কার্ডিনাল ক্লাবের পুনর্গঠনে এখন ইব্রাহিমোভিচকে নিয়ে কোচ, প্রধান নির্বাহী ও স্পোর্টিং ডিরেক্টরের খোঁজে নামবেন।

অ্যালেগ্রির প্রতিপক্ষ নাপোলির কোচ আন্তোনিও কন্তেও মৌসুমের শেষ ম্যাচের পর দায়িত্ব ছেড়েছেন।

এফএইচএম