দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচদের একজন মোহাম্মদ সালাউদ্দিন। বছরের পর বছর দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন তিনি। ১৮ মাস পর সেই দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন।
সালাউদ্দিন নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের। জাতীয় দল থেকে এইচপি দলে এলেও তিনি অবশ্য নিজের কাজ নিয়ে খুশি। কোচ হিসেবে তিনি যেকোনো জায়গায় কাজ করতে রাজি।
সালাউদ্দিনের বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মুমিনুল হক। তার কাছে থেকে অনেক কিছু শিখেছেন। আজ (মঙ্গলবার) নিজের ফেসুবক পোস্টে জানান, ‘জাতীয় দলে অনেক কোচের সঙ্গেই কাজ করার সুযোগ হয়। কিন্তু খুব কম মানুষই আছেন, যাদের উপস্থিতি শুধু ক্রিকেট শেখায় না—মানসিকভাবেও একজন খেলোয়াড়কে বদলে দেয়। সালাউদ্দিন স্যার আমার কাছে তাদেরই একজন।’
পুরোনো স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘সেই বিকেএসপির সময় থেকেই আপনি আমার ক্যারিয়ারে একজন অভিভাবকের ভূমিকা পালন করে এসেছেন। আপনার সাথেই আবার জাতীয় দলে কাজ করার সুযোগটা আমার ক্যারিয়ারের অন্যতম সৌভাগ্যের অধ্যায় হয়ে থাকবে।’
সালাউদ্দিনের বিদায়টা সুন্দর হয়েছে মনে করেন মুমিনুল, ‘ছোট ছোট বিষয় নিয়েও যেভাবে আপনি কাজ করতেন, খেলাটাকে যেভাবে সহজ করে বুঝিয়ে দিতেন—তা একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজটা হোয়াইটওয়াশ দিয়ে শেষ করতে পারাটা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি আপনার জন্যও সুন্দর এক বিদায়।’
শেষটা করেছেন এভাবে, ‘এবার নতুন দায়িত্ব হাই পারফরম্যান্স বিভাগে। আশা করি, সেখানে যারা আপনার সান্নিধ্যে কাজ করবে, তারাও আমার মতো অনেক কিছু শিখবে। নতুন এই যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা স্যার...।’
এসএইচ/এফএইচএম
