বার্সেলোনায় ধারে সফলভাবে একটি মৌসুম কাটানোর পর ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে ওল্ড ট্রাফোর্ডে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে রাশফোর্ডের ভবিষ্যৎ যে আর নেই, তা স্পষ্ট করে দিয়েছে রেড ডেভিলরা। অন্যদিকে, দীর্ঘমেয়াদে রাশফোর্ডকে ক্যাম্প ন্যুতে রেখে দিতে চূড়ান্ত তোড়জোড় শুরু করেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
দলবদল বিষয়ক সংবাদমাধ্যম টকস্পোর্টের খবর অনুযায়ী, আগামী মাসে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ম্যান ইউর সাথে টেবিলে বসে দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করতে চায় কাতালান ক্লাবটি।
বার্সেলোনায় স্থায়ীভাবে থাকার জন্য রাশফোর্ড ইতোমধ্যেই ক্লাবের সাথে ব্যক্তিগত শর্তাবলীতে একমত হয়েছেন। বার্সার বর্তমান আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে তিনি নিজের বেতন কমাতে এবং একটি সংশোধিত চুক্তি কাঠামো মেনে নিতেও রাজি হয়েছেন।
তবে মূল জটিলতা তৈরি হয়েছে দুই ক্লাবের দলবদল ফি নিয়ে। গত গ্রীষ্মে হওয়া লোন চুক্তিতে রাশফোর্ডের বাই-আউট ক্লজ বা স্থায়ী করার অপশন রাখা হয়েছিল ৩০ মিলিয়ন ইউরো (২৬ মিলিয়ন পাউন্ড)। ইউনাইটেড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, তারা এই ৩০ মিলিয়ন ইউরোর এক ইউরোও কম নেবে না এবং পুনরায় কোনো লোন চুক্তিতে রাজি হবে না। তারা রাশফোর্ডকে পুরোপুরি বিক্রি করে দিয়ে ক্লাবের ওয়েজ বিল (বেতনের চাপ) কমাতে বদ্ধপরিকর।
আর্থিক টানাপোড়েন থাকলেও বার্সেলোনা এই দলবদলে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ, রাশফোর্ড নিজে আর ওল্ড ট্রাফোর্ডে ফিরতে চান না এবং অন্য কোনো ক্লাবের প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছেন। রাশফোর্ডের এই অনড় অবস্থানের কারণে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো ম্যান ইউকে কিস্তিতে অর্থ পরিশোধ বা ২০২৭ সালে বাধ্যতামূলক কেনার শর্তে রাজি করানোর চেষ্টা করছেন।
এমএমএম/
