বিজ্ঞাপন

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন বাংলাদেশি পেসার

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন বাংলাদেশি পেসার

আগামী ১২ জুন পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচিও প্রকাশ করেছে আইসিসি। ৬ থেকে ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। আসন্ন এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দলও।

ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ৬ জুন প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই মাঠে ৯ জুন বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

তার আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন স্কটল্যান্ডের মাটিতে অবস্থান করছে। এদিকে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এ নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা আমার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগে দুইটা ওয়ানডে বিশ্বকাপ খেলেছি। এবার নতুন পরিবেশ, নতুন কন্ডিশনে খেলা এক্সাইটমেন্ট রয়েছে।’

পরে তৃষ্ণা যেহেতু পেস বোলার এ নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের উইকেটটা যেহেতু পেস বোলারদের জন্য সহায়ক থাকে। তাই আমি আমার স্ট্রং জোন কাজ করছি। সুইং নিয়ে অবশ্যই ভালো কিছু করার ইচ্ছা রয়েছে।’

‘বিশ্বকাপের মতো বড় মঞ্চে মানসিকভাবে ভালো করার জন্য প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি ভালো থাকলে মনোভাবও ভালো থাকে। আর এই দলের সদস্য হতে পেরে অনুভূতি খুবই ভালো। নারী ক্রিকেট এখন অনেক দূর এগিয়েছে, খুব ভালো ভালো পারফর্ম করছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই খুশি।’

পরে নিজের পারফর্ম করার কথা জানিয়ে তৃঞ্চা বলেন, ‘সুযোগ পেলে যেন ভালো পারফর্ম করতে পারি আমি এবং আমার সেরাটা দিতে পারি- সবার কাছে দোয়া চাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

এসএইচ/এমএমএম