মুসলমানদের বার্ষিক ধর্মীয় সবচেয়ে বড় দুটি খুশির দিন হলো ঈদ। যার একটি পবিত্র ঈদুল আযহা আজ বৃহস্পতিবার সারাদেশে পালিত হচ্ছে। ক্রিকেটার মুশফিকুর রহিম দেশে থাকলেই ছুটে যান নিজ জন্মভূমি বগুড়াতে। সেখানেই নিজ পরিবারের সঙ্গে পালন করে থাকেন ঈদের আনন্দ।
এবারেও তার ব্যতিক্রম নন। এদিন সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুশফিক। নামাজ শেষে এই ক্রিকেটার ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোশল বিনিময় করেন। মুশফিকুর রহিম ও তার বাবা মাহবুব হামিদ একসঙ্গেই ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। এবং পাড়া-প্রতিবেশী যারা গরিব, অসহায় মানুষ আছে- সবাইকে নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।’
পরে ছেলে মায়ানের ঈদগাহে আসতে না পারা নিয়ে আফসোস প্রকাশ করে মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা বলেন, ‘ছেলের সঙ্গে ঈদ করাতে এমনিতেই খুব আনন্দের। পাওয়াই যায় না, একমাত্র ঈদ ছাড়া তো আমরা পাই না। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ছেলেটার একটু গায়ে জ্বর আসছে দেখে মাঠে আসে নাই। তাহলে আমরা তিন প্রজন্ম একসঙ্গে গতবারের মতন নামাজটা পড়তে পারতাম।’
এসএইচ/এমএমএম
