বিজ্ঞাপন

প্রত্যেক পজিশনে যে বিকল্প আছে স্কালোনির হাতে

প্রত্যেক পজিশনে যে বিকল্প আছে স্কালোনির হাতে

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ২৬ জনের দল ঘোষণা করেছে। শুরুর একাদশে কারা থাকবেন, তার ধারণা কিছুটা পাওয়া সহজ। তবে মাঠের প্রত্যেক জায়গায় লিওনেল স্কালোনির কাছে একাধিক বিকল্প আছে।

সাড়ে তিন বছর আগে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য গোলকিপিং করা এমিলিয়ানো মার্তিনেজের বিকল্প হিসেবে আছেন হুয়ান মুসো ও জেরোনিমো রুলি। 

ডিফেন্সে স্কালোনি বেছে নিয়েছেন আট খেলোয়াড়কে, বেশিরভাগই সেন্টারব্যাক। লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও ফাকুন্দো মেদিনা সেন্টারব্যাক হিসেবে দলে জায়গা পেয়েছেন। যদিও মেদিনা লেফটব্যাকের ভূমিকাও পালন করতে পারেন।

মেদিনার বহুমুখী প্রতিভার পাশাপাশি রক্ষণের ডানপ্রান্তে আছেন নিকোলাস তাগলিয়াফিকো। স্কালোনি এই পজিশনের জন্য আরও বেছে নিয়েছেন গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনাকে।

মাঝমাঠে দায়িত্ব পালন করার জন্য সাত জনকে নেওয়া হয়েছে। তাদের তিন জন ডিফেন্সিভ এবং চার জন অ্যাটাকিং। লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল ও এজেকুয়েল পালাসিওস ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও উভয় ভূমিকা পালন করতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

স্কালোনির আক্রমণভাগে আছেন জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ, জোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ। আক্রমণভাগে মেসি প্রাণভোমরা হলেও তিনি মাঝমাঠ থেকেও বল নিয়ে গোল তৈরি করতে পারেন। বিশেষ করে ডান দিক থেকে তার আক্রমণ প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেয়।

আলভারেজ মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন। তার বিকল্প হতে পারেন পালমেইরাসে দারুণ ফর্মে থাকা লোপেজ। লেফট উইং সামলাবেন আলমাদা। রাইট উইং থেকে পজিশন পরিবর্তন করে লেফট উইঙ্গার হিসেবেও পারদর্শী গঞ্জালেজ। মূলত পুরো আক্রমণভাগ সাজানো হবে মেসিকে ঘিরেই।

এফএইচএম