জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা খেলার সূচি প্রণয়নের চেষ্টা ও পরিকল্পনা থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে বিসিবি’র।
তারই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি বিভাগ। তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চার দিনের ম্যাচ। আগামী মাসের ৮ তারিখ শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। যেখানে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে জাকির হাসানকে। এছাড়া আলিস ইসলাম, রোহানতদৌলা বর্ষণ, মুশফিক হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রাকিবুল হাসান থাকবেন।
এছাড়া মইন খান, শাহাদাত হোসেন দিপু, ইফতেখার ইফতি, অমিত হাসান, ইয়াসির রাব্বি, চৌধুরি রিজওয়ান, সামিউন বশির রাতুলরা থাকবেন।
আগামী ৫ জুন শুরু হবে সিরিজের ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
হোম সিরিজের পর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ এইচপি। এবারও সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।
এসএইচ/এমএমএম
