সাদা বলের ক্রিকেটে নিজের অভিষেকের পর থেকেই পারফর্ম করে চলেছেন তানজিম হাসান সাকিব। তবে মাঝে মধ্যেই ইনজুরির কারণে তাকে থাকতে হয় মাঠের বাইরে। তেমনি আবার এক ইনজুরির কবলে পড়েছেন সিলেটের এই পেসার।
এবারের চোট অবশ্য বেশ গুরুতর সাকিবের জন্য। কেননা বোলিং করার সময় কোমরের স্পাইনে ব্যথা অনুভব করছেন তিনি। যে কারণে দ্রুত মাঠে ফেরাটা কঠিন হয়ে যাচ্ছে। গেল ২৪ তারিখ অনলাইনে বিদেশি ডক্টর এবং দেশি ফিজিওদের সঙ্গে আলাপ হয়েছে তার।
জানা গেছে, সেখানে সাকিবের চোটের পরের অবস্থা বুঝতে আরও ২ মাস পর রিভিউ করা হবে। দীর্ঘস্থায়ী কোমরের এই চোটের উন্নত চিকিৎসার জন্য বিসিবি নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ সার্জন ড. রোয়ান শুউটেনের শরণাপন্ন হয়েছে। ক্রাইস্টচার্চ-ভিত্তিক এই চিকিৎসক ভারতের জাসপ্রিত বুমরাহ, ইংল্যান্ডের জোফরা আর্চারসহ অনেক তারকা ক্রিকেটারের পিঠের সফল অস্ত্রোপচার করেছেন।
যে কারণে সাকিবকেও উন্নত সেবা দিতে রোয়ানকে দেখাচ্ছে বিসিবি। যতটুকু খবর সবমিলিয়ে সাকিবের মাঠে ফিরতে প্রায় মাস ছয়েকের বেশি সময় লাগতে পারে। এখন সবকিছু নির্ভর করছে মাস দুয়েক পরের সেই রিভিউ সিদ্ধান্তের ওপর।
এসএইচ/এমএমএম
