বিজ্ঞাপন

চীনা নারীর অভিযোগ, এক বছরের শাস্তিতে বাংলাদেশের কর্মকর্তা

চীনা নারীর অভিযোগ, এক বছরের শাস্তিতে বাংলাদেশের কর্মকর্তা

গত এপ্রিলে চীনের সানিয়াতে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান বীচ গেমস। ঐ গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক্সসহ ছয়টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছিল। নারী কাবাডি দল ব্রোঞ্জ পদক জিতলেও অ্যাথলেটিক্স দলের ম্যানেজার নজির মল্লিকের ওপর গেমসে কর্মরত এক নারী লিয়াজো অফিসার অশোভন আচরণের অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে নজির মল্লিককে এক বছরের শাস্তি প্রদান করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

অ্যাথলেটিক্সে ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব) নাঈম আশরাফ এই প্রসঙ্গে বলেন, ‘অ্যাথলেটিক্স ফেডারেশনের একটি সেইফ গার্ডিং কমিটি রয়েছে। সেই কমিটির অফিসার সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তিনি পর্যালোচনা করে ফেডারেশন সভাপতির কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠির আলোকে আগামী এক বছর কোনো গেমসে তাকে না প্রেরণ এবং একইসঙ্গে নারী দলের ক্যাম্প ও নারী দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গেমসে না প্রেরণের বিষয়টি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে চিঠির মাধ্যমে।’

এই বছর ৫ মে চার সদস্যের একটি সেইফগার্ডি কমিটি গঠন হয়। সাবেক অ্যাথলেট শর্মিষ্ঠা রায় সেই কমিটির আহ্বায়ক, নির্বাহী কমিটির সদস্য ও দ্রুততম মানবী শিরিন আক্তার, আরেক নির্বাহী সদস্য মজিবুর রহমান মল্লিক কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন ড. ওয়াজিদা বানু। যিনি সেইফ গার্ডিং অফিসার হিসেবে মূল দায়িত্ব পালন করছেন।

ফুটবল, ক্রিকেটের মতো শীর্ষ ফেডারেশনে সেফগার্ডিং কমিটি সেভাবে সক্রিয় নয়। সেখানে অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি খুব গুরুত্ব দিয়ে কাজ করছে। ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব) নাঈম আশফাকের উদ্যোগেই মূলত এটি হয়েছে। চীনের গেমস কর্তৃপক্ষ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করেছিল।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতিকে চিঠির মাধ্যমে জানায়। অভিযুক্ত নজিবুর রহমান মল্লিক ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং সেইফ গার্ডি কমিটির সদস্য মজিবুর রহমান মল্লিকের ভাই। এরপরও একজন বিদেশী নারী নাগরিকের অভিযোগ গুরুত্ব সহকারে নিয়ে অভিযুক্তের সাথে আলাপ-আলোচনা করে সেইফ গার্ডিং অফিসারের সুপারিশের ভিত্তিতে ফেডারেশন সভাপতি সেটা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এ রকম অভিযোগ নানা সময়ে আসলেও ধামাচাপার ঘটনা ঘটেছে। তবে একজন বিদেশি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক অতীতে ঘটেনি।

সম্প্রতি অ্যাথলেটিক্স ফেডারেশন ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স আয়োজন করেছে। সেই প্রতিযোগিতায় ফেডারেশনের সদস্য নজির মল্লিক প্রতিদিনই উপস্থিত ছিলেন। নারীদের অনেক ইভেন্টে পুরস্কার প্রদানও করেছেন। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘জাতীয় অ্যাথলেটিক্সে নারীদের পাশাপাশি পুরুষরাও অংশগ্রহণ করে। তাকে নারী দলের ক্যাম্প এবং নারী দলের সঙ্গে সম্পৃক্ত না করার নির্দেশনা দেয়া হয়েছে। অ্যাথলেটিক্সের অন্য কর্মকান্ডে অংশগ্রহণে কোনো সমস্যা নেই।’

এজেড/এমএমএম