কোনো লাইন-লেন্থেই বল করে বৈভব সূর্যবংশীকে কাবু করা যাচ্ছে না। রাজস্থান রয়্যালসের ওপেনার বিশ্বের বাঘা বাঘা বোলারদের বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন, কখনো মাটিতে গড়িয়ে আবার কখনো শূন্যে ভাসিয়ে। সম্প্রতি তাকে থামাতে পেসাররা তার শরীর লক্ষ্য করে বোলিং করে যাচ্ছেন। মাত্র ১৫ বছর বয়সী ব্যাটারের বিরুদ্ধে বিতর্কিত এই ‘বডি-লাইন বোলিং’ ঠিক মানতে পারছেন না সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান।
গতকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪৭ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন রাজস্থানের ওপেনার। আগের ম্যাচ এলিমিনেটরেও ছিল ৯৭ রানের ইনিংস। চলতি আইপিএলে ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। এর মধ্যে ৬৮৪ রানই করেছেন বাউন্ডারি থেকে। ৬৩টি চার ও রেকর্ড ৭২টি ছক্কায় সাজানো ছিল তার চলতি আইপিএল। একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি তার। গত চার ইনিংসের তিনটিতেই নব্বইয়ের ঘর পার করলেও তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে তার চমৎকার ইনিংস বিফলে গেছে। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হলেও সূর্যবংশী দায়িত্ব নিয়ে রাজস্থানকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। এই ইনিংস খেলার পথে তিনি কাগিসো রাবাদা ও মোহাম্মদ সিরাজের কিছু বিপজ্জনক ডেলিভারির মুখে পড়েন। যেভাবে তাকে উদ্দেশ্য করে বডি-লাইন বোলিং তারা করেছেন, তাতে উদ্বিগ্ন ইরফান।
এক্স-এ সাবেক এই পেসার পোস্ট দিয়েছেন, ‘১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে থামাতে বডি-লাইন বোলিং আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি জানি সে বড়দের সঙ্গে খেলছে। কিন্তু আমার ভেতরের বাবা সত্তা সেটা মেনে নিতে পারছে না।’
সূর্যবংশীর জন্য বডি-লাইন বোলিং বিপজ্জনক হলেও রাজস্থান কোচ কুমার সাঙ্গাকারা মনে করেন, জাতীয় দলে শিগগিরই ডাক পাবেন এই বিস্ময়বালক। ভারতীয় গণমাধ্যমের খবর, তার ব্যাটে মন্ত্রমুগ্ধ হয়ে কোম্পানি তার ব্যাটের স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে, তারা তাকে বছরে ১২ কোটি রুপির প্রস্তাব দিয়েছে।
এফএইচএম
