আগামী ১২ জুন পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচিও প্রকাশ করেছে আইসিসি। ৬ থেকে ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। আসন্ন এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দলও।
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ৬ জুন প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই মাঠে ৯ জুন বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জুয়াইরা ফেরদৌস জয়িতা। এ নিয়ে তিনি বলেন, ‘এটা আসলে বলে বোঝানোর মতো না, ক্রিকেট লাইফে প্রথম বিশ্বকাপ খেলতে যাব। এটা আসলে অনেক স্বপ্নের ব্যাপার, আমাকে যারা সুযোগ করে দিয়েছেন, তাদের অনেক ধন্যবাদ জানাই।’
‘আমার খুবই ভালো লাগছে যে, দেশকে আমি বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে যাব। এটা আসলে খুব গর্বেরও ব্যাপার। আমি আগে কখনো ইংল্যান্ডে যায়নি, খেলিওনি। যতটুকু স্যারদের কাছে শুনেছি, ওখানকার উইকেটটা অনেক বাউন্সি হবে। ওখানে যেহেতু এখন শীতকাল, সেহেতু কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য বাউন্স উইকেটের সাথে সেভাবে অনুশীলন করেছি।’
বিশ্বকাপে চ্যালেঞ্জ নেওয়া নিয়ে জয়িতা বলেন, ‘চ্যালেঞ্জ আসলে এভাবে নিচ্ছি না, যে দল আসুক না কেন আমাদের ভালো পারফরম্যান্স করা লাগবে। এখানেও আমরা সেভাবে অনুশীলন করেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে।’
পরে নিজের ব্যক্তিগত চাওয়া নিয়ে জয়িতা বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য বলতে প্রথমে আমাদের তিনটা ম্যাচ জিততে হবে। তিনটা দলের সাথে আমাদের জেতার শক্তি রয়েছে। আমরা সেভাবে চেষ্টা করব, আমার ব্যক্তিগত লক্ষ্য দলের হয়ে সেরা পারফরম্যান্সটা দেওয়া বড় স্কোর করা।’
এসএইচ/এমএমএম
