বৈশ্বিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বিশ্বখ্যাত কর্পোরেট ব্যক্তিত্ব ডক্টর রস সি রিভাজ। আজ শনিবার আইসিসির অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের মেয়াদে এই দায়িত্ব সামলাবেন তিনি।
ডক্টর রস রিভাজ আন্তর্জাতিক ব্যবসা কর্পোরেট স্ট্র্যাটেজি এবং সুশাসনের ক্ষেত্রে এক অতি পরিচিত নাম। বর্তমানে তিনি যুক্তরাজ্যের অন্যতম বড় প্রতিষ্ঠান অ্যাংলিয়ান ওয়াটারের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ইউরোপভিত্তিক প্রথম সারির মেটেরিয়াল সায়েন্স কোম্পানি অ্যাপেরাম এসএ এবং ভিক্ট্রেক্স পিএলসির লিড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে আছেন।
আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারে একাধিক শীর্ষস্থানীয় ব্লু চিপ কোম্পানিতে দীর্ঘ মেয়াদে উচ্চপদে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে রিভাজের। কর্পোরেট সুশাসন, দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ এবং অপারেশনাল কার্যকারিতার পাশাপাশি সমাজের মূলধারায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে তিনি দারুণ পারদর্শী, যা আইসিসি বোর্ডের সার্বিক কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে।
আইসিসি বোর্ডে নিজের এই নতুন অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ডক্টর রস রিভাজ বলেন, ‘বিশ্ব ক্রিকেটের এমন এক রোমাঞ্চকর সময়ে আইসিসি বোর্ডে যোগ দিতে পারাটা অত্যন্ত গৌরবের। ক্রিকেট যেভাবে প্রতিনিয়ত নতুন নতুন দর্শক টানছে এবং বিশ্বজুড়ে নিজের প্রভাব বিস্তার করছে, তা সত্যিই দারুণ। আমি আইসিসি চেয়ারম্যান, বোর্ডের বাকি সদস্য এবং ক্রিকেট পরিবারের সাথে একযোগে কাজ করতে উন্মুখ হয়ে আছি।‘
এমএমএম/
