বিজ্ঞাপন

তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনরিকে বললেন, ‘লিজেন্ড? ওসবে আমার আগ্রহ নেই’

তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনরিকে বললেন, ‘লিজেন্ড? ওসবে আমার আগ্রহ নেই’

চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল পিএসজি। পুরো ম্যাচজুড়ে তাদের শতকরা ৭৪ ভাগ বল পজেশন এবং ২১টি শট ছিল। ম্যাচের ওপর তাদের আধিপত্যই ছিল। কিন্তু ষষ্ঠ মিনিটে আর্সেনালের ‘ভাগ্যপ্রসূত’ গোলটি ফরাসি চ্যাম্পিয়নদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল বললেন কোচ লুইস এনরিকে।

কাই হ্যাভার্টজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা এক ঘণ্টারও বেশি সময় লিড ধরে রেখে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু উসমান দেম্বেলের পেনাল্টি থেকে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময় শেষে টাইব্রেকারে সফল হয় পিএসজি। সব বাধা পেরিয়ে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।

তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ী পেপ গার্দিওলা, জিনেদিন জিদান ও বব পেইসলির পাশে নাম লেখালেন পিএসজি কোচ এনরিকে। পাঁচটি ট্রফি নিয়ে সবার উপরে কার্লো আনচেলত্তি। দারুণ কীর্তি গড়ার পর টিএনটি স্পোর্টসকে পিএসজি কোচ বললেন, ‘আমি মনে করি তাদের (আর্সেনাল) জন্য ম্যাচটি ভালোভাবেই শুরু হয়েছিল। ভাগ্যক্রমে তারা গোল করেছিল। তারপর তাদের ওপর চাপ তৈরি হয়েছিল কারণ তারা জানে কীভাবে ডিফেন্ড করতে হয়।’

এক গোল খেয়ে পিএসজিকে কঠিন অবস্থার মুখে ফেলেছিল মনে করেন সাবেক বার্সা কোচ, ‘এটা খুব কঠিন ছিল। আমরা সাধারণত বলের পেছনে অনেক খেলোয়াড় রেখে সেভাবে আক্রমণ করতে অভ্যস্ত, কিন্তু ওদের বিপক্ষে ওরা শারীরিকভাবে শক্তিশালী। ওরা যেকোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে। খুবই কঠিন। আমি মনে করি আমরা ম্যাচটি ড্রয়ের দাবিদার এবং শেষে, আমরা ট্রফি জিততে পেরে খুব খুশি।’

চ্যাম্পিয়ন্স লিগ যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা শিরোপা জিতল। এই সফলতা ও কোচ হিসেবে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতা—তবুও নিজেকে লিজেন্ড মনে করেন না স্প্যানিশ কোচ, ‘লিজেন্ড? ওসবে আমার কোনো আগ্রহ নেই। আমার মাত্র তিনটি শিরোপা, আমাকে উন্নতি করতে হবে। আমি চতুর্থটার জন্য লড়ব।’

নিজের আবেগ নিয়ে বললেন, ‘(আমার আবেগ) মিশ্র। উত্তেজনা, ক্লান্তি, সবকিছু। কিন্তু এটাই এই মৌসুমের সেরা মুহূর্ত। আমরা এখনও চ্যাম্পিয়ন, টানা দ্বিতীয়,  চমৎকার। আমরা এটার দাবিদার। আমাদের সমর্থক, পুরো মৌসুম পাশে ছিল। আমরা ফাইনালে ওঠার দাবিদার ছিলাম, কিন্তু এটা ছিল খুব কঠিন। আর্সেনালকে অভিনন্দন, তারা দারুণ খেলেছে। এটা স্বাভাবিক। তারা ধাপে ধাপে ম্যাচ এগিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করেছিলাম এবং আমরা শিরোপা জিতলাম।’

এফএইচএম