বিজ্ঞাপন

ফাইনালে হারের পর আর্সেনালকে ‘ভীষণ উচ্চাকাঙ্ক্ষী’ হওয়ার তাগিদ আর্তেতার

ফাইনালে হারের পর আর্সেনালকে ‘ভীষণ উচ্চাকাঙ্ক্ষী’ হওয়ার তাগিদ আর্তেতার

বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বড় সুযোগ পেয়েও ট্রফি জয়ের বিশাল সুযোগ হাতছাড়া করার কষ্ট অনুভব করছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর পিএসজির নৈপুণ্যে মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে আসন্ন মৌসুমে আর্সেনালকে ‘ভীষণ উচ্চাকাঙ্ক্ষী’ হওয়ার তাগিদ দিলেন কোচ।

ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখতে গ্যাব্রিয়েল মাগালেস যে শটটি নিয়েছিলেন, তা ক্রসবারের উপর দিয়ে গেলে পিএসজি ৪-৩ গোলে টাইব্রেকার জিতে চ্যাম্পিয়ন হয়। তাতে ২০ বছর পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে উঠেও স্বপ্ন ভেঙেছে তাদের।

সংবাদ সম্মেলনে আর্তেতা শুরু করলেন এভাবে, ‘সবার আগে আমি আমার পরিবারকে কিছু দিন সময় দেবো এবং তারপর আমরা কী করেছি সেটা পর্যালোচনা শুরু করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে, যদি আমরা অন্য পর্যায়ে যেতে চাই। এবং আমাদের সেই উচ্চাকাঙ্ক্ষা দেখাতে হবে, কারণ আমরা সেটা করতে সক্ষম। কিন্তু এর জন্য হতে হবে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, দ্রুত ও বিচক্ষণ হওয়া।’

পিএসজিকে অভিনন্দন জানালেন তিনি, ‘আমি পিএসজিকে, বিশেষ করে লুইসকে (এনরিকে) অভিনন্দন জানাতে চাই। কারণ তারা, আমার মতে, বিশ্বের সেরা দল। বল নিয়ে ও ব্যক্তিগত নৈপুণ্যে তারা যা করে, আমি এমনটা দেখিনি। যখন বল আপনার দখলে নেই, তখন নির্দিষ্ট কিছু এলাকায় খেলার পরিকল্পনা নয়, কিন্তু তারা আপনাকে সেটা করতে বাধ্য করে। তাই খেলোয়াড়রা অনেক বেশি কৃতিত্বের দাবিদার।’

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আর্তেতা বলেন, ‘(আমি অনুভব করছি) ব্যথা, এই তো। যখন আপনি প্রতিযোগিতার এত কাছে এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাব প্রতিযোগিতায় জেতা থেকে কয়েকটি পেনাল্টি দূরে, তখন ঠিক এমন অনুভূতি হয়।’

খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কোচ বললেন, ‘খেলোয়াড় ও স্টাফদের আমি যেটা বলেছিলাম, যদি আমি তোমাদের লাখ লাখবার ধন্যবাদ জানাই, সেটা যথেষ্ট হবে না। আর এটা এই কারণে না যে আমরা প্রিমিয়ার লিগ জিতেছি, কাপ ফাইনাল খেলেছি কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এভাবে খেলেছি, এর কারণ আমরা প্রত্যেক দিন একসঙ্গে থেকে যে আনন্দ ও মুহূর্তগুলো ভাগাভাগি করেছি সেটার জন্য। এটা সবকিছুর উপরে।’

এফএইচএম