World Cup Football Field

বিজ্ঞাপন

২০২২ বিশ্বকাপের পর থেকে ফুটবলে কী ঘটেছে?

২০২২ বিশ্বকাপের পর থেকে ফুটবলে কী ঘটেছে?

লিওনেল মেসি যেদিন লুসাইল স্টেডিয়ামে ট্রফিটা উঁচিয়ে ধরলেন, তাদের বিশ্বকাপ জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। সেই মুহূর্তটা আজীবন হৃদয়ের কোণে লুকিয়ে থাকবে। তারপর কেটে গেছে সাড়ে তিন বছর। শুরু হচ্ছে আরেকটি বিশ্বকাপ। এই সময়ে ফুটবলে এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলো হয়তো ভুলেই গেছেন ভক্ত-সমর্থকরা। স্মৃতির ভেলায় চড়ে দেখে আসা যাক, ফুটবলে কী ঘটেছিল ২০২২ বিশ্বকাপের পর থেকে।

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে এবং এমএলএস শিরোপা জিতেছেন

কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর  লিওনেল মেসি ২০২২-২৩ মৌসুমের বাকি সময়টুকু প্যারিস সেন্ট-জার্মেইতে কাটান। ২০২৩ সালের জুলাইয়ে, ৩৬ বছর বয়সে তিনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। মায়ামির হয়ে তিনি ১০৪ ম্যাচে ৯০টি গোল করেছেন এবং ক্লাবটিকে লিগস কাপ (২০২৩), সাপোর্টার্স শিল্ড (২০২৪) এবং এমএলএস কাপ (২০২৫) জিতিয়েছেন। পাশাপাশি তিনি নিজের ৮ম ব্যালন ডি'অরও জয় করেন।

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে এবং পিএসজির টানা দুইবার ইউরোপ সেরা হওয়া

দীর্ঘ দলবদল নাটকের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুনে কিলিয়ান এমবাপে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তবে মাদ্রিদে তার প্রথম দুই মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই কাটে। ১০৩ ম্যাচে ৮৬ গোল করলেও তিনি সমর্থকদের মন পুরোপুরি জয় করতে পারেননি। 

অপরদিকে, মেসি, নেইমার ও এমবাপের প্রস্থানের পর তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা করে পিএসজি গত মৌসুমে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। আর সবশেষ ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতাতে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ইতিহাস গড়ল।

মেসির উত্তরসূরি হিসেবে লামিন ইয়ামালের উত্থান

২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে নজরে আসেন লামিন ইয়ামাল। বর্তমানে ১৮ বছর বয়সী এই উইঙ্গার ইতোমধ্যে বার্সার হয়ে তিনটি লা লিগা এবং স্পেনের হয়ে ইউরো ২০২৪ জিতেছেন। ২০২৫ সালের ব্যালন ডি'অরে তিনি রানার্স-আপ হন। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে বার্সার হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় বর্তমানে তিনি ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরে আগমন

২০২২ বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছেন। ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে থাকা রোনালদোর বর্তমান গোল সংখ্যা ৯৭৩টি।

পুলিসিককে টপকালেন অ্যাডামস

এসি মিলান তারকা ক্রিশ্চিয়ান পুলিসিক এখনও মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের সবচেয়ে চেনা মুখ হতে পারেন, তবে একটি যুক্তি রয়েছে যে তিনি হয়তো এখন আর তাদের সেরা খেলোয়াড় নন। গত কয়েক বছরে বহুমুখী প্রতিভার অধিকারী মিডফিল্ডার টাইলার অ্যাডামসের অবিশ্বাস্য উত্থান ও পারফরম্যান্সের গ্রাফের অর্থ হলো— ‘ক্যাপ্টেন আমেরিকা’ (পুলিসিক) অন্ততপক্ষে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে বেশ বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

অ্যাডামস নিশ্চিতভাবেই একটি উচ্চ স্তরে পারফর্ম করেছেন। এই মৌসুমে, বোর্নমাউথের ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের লড়াইয়ে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার অর্থ হলো— 'দ্য চেরিজ' (বোর্নমাউথ) আগামী মৌসুমে তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ফুটবলের মঞ্চে খেলতে যাচ্ছে।

নেইমারের ইনজুরি ও ক্যারিয়ারের ছন্দপতন

মেসি ও রোনালদো নিয়মিত গোল করে গেলেও, ২০২২ বিশ্বকাপের পর থেকে নেইমারের ক্যারিয়ার ইনজুরির কারণে বেশ থমকে গেছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি মাত্র ৬৩টি ম্যাচ খেলতে পেরেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তার পুরোনো ক্লাব সান্তোসে ফিরে আসেন এবং ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেন। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগেও তিনি নতুন ইনজুরির কবলে পড়েছেন।

ব্যালন ডি'অরে নতুন দুই মুখ

২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যালন ডি'অরে মেসি ও রোনালদোর আধিপত্য ছিল। তবে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এবং ২০২৫ সালে পিএসজি-এর উসমান দেম্বেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জয় করেন।

হ্যারি কেইনের ট্রফি জয়

টটেনহ্যাম হটস্পারে দীর্ঘ ১৩ বছর কোনো শিরোপা না পাওয়ার পর, ২০২৩ সালের গ্রীষ্মে হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে যোগ দেন। বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে ১৪৬ গোল করার পাশাপাশি তিনি অবশেষে তার ক্যারিয়ারের প্রথম শিরোপা (দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও জার্মান সুপারকাপ) জয়ের স্বাদ পান।

টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপর্যয়

হ্যারি কেইনের প্রস্থানের পর টটেনহ্যাম ২০২৪-২৫ মৌসুমে ইউরোপা লিগ জিতলেও প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে শেষ করে, যা ১৯৭৮ সালের পর তাদের সর্বনিম্ন অবস্থান। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডও লিগে ১৫তম অবস্থানে থেকে মৌসুম শেষ করে, যা তাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। পরবর্তীতে রুবেন আমোরিমের জায়গায় মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর তারা লিগে ৩য় স্থানে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে।

বার্সেলোনার আর্থিক সংকট এবং লা লিগা জয়

মাঠের পারফরম্যান্সে বার্সেলোনা টানা দুইবার লা লিগা শিরোপা জিতলেও তাদের আর্থিক সংকট এখনও কাটেনি। প্রায় ১ বিলিয়ন ইউরোর বেশি ঋণের বোঝা হালকা করতে তারা ২০২৩ সাল থেকে সংস্কারাধীন থাকা ক্যাম্প ন্যু স্টেডিয়ামে আংশিক দর্শক ধারণক্ষমতা নিয়ে ফিরে এসেছে। সম্পূর্ণ কাজ শেষ হলে ১০৫,০০০ আসনের এই স্টেডিয়ামটি ক্লাবের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ শিরোপা খরার অবসান

ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার অধীনে ২০২৩ সালে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে এবং ট্রেবল জেতার গৌরব অর্জন করে।

বায়ার লেভারকুসেন জাবি আলোনসোর অধীনে ২০২৩-২৪ মৌসুমে বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব ভেঙে অপরাজিত থেকে বুন্দেসলিগা এবং জার্মান কাপ জয় করে তারা।

আর্সেনাল মিকেল আর্তেতার অধীনে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়।

আন্তর্জাতিক ফুটবলে হাই-প্রোফাইল কোচদের আগমন

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বড় বড় দেশগুলো নামকরা ক্লাব কোচদের জাতীয় দলের দায়িত্ব দিয়েছে। ব্রাজিল দল তাদের হেক্সা (৬ষ্ঠ শিরোপা) মিশনের জন্য কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে। এছাড়া থমাস টুহেল (ইংল্যান্ড), জুলিয়ান নাগেলসম্যান (জার্মানি) এবং মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে) ডাগআউটে থাকবেন। স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে টটেনহ্যাম ও চেলসির সাবেক কোচ মরিসিও পচেত্তিনোর হাতে।

এফএইচএম