গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে অবিশ্বাস্য পারফরম্যান্স করলেন অলরাউন্ডার আরাফাত মিনহাস। বিশেষ করে বল হাতে, পাকিস্তানের প্রথম বোলার হিসেবে এই সংস্করণে অভিষেকেই পাঁচ উইকেট নিলেন। আরেক অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সম্ভবত তার কাছে জায়গা হারাতে চলেছেন। এনিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন শুনতে হলো মিনহাসকে।
২১ বছর বয়সী বাঁহাতি স্পিনারের অবিস্মরণীয় অভিষেক হলো। তাতে করে অনেকেই নওয়াজের সম্ভাব্য স্থলাভিষিক্ত ভাবা হচ্ছে তাকে। বছরের পর বছর জাতীয় দলের হয়ে অবদান রাখা অলরাউন্ডারকে টপকে নিজের জায়গা কীভাবে পাকা করবেন, এমন প্রশ্ন শুনতে হলো ২১ বছর বয়সী অলরাউন্ডারকে।
এই প্রশ্নে পরিপক্ক জবাব দিলেন মিনহাস। তিনি জানালেন, কোনও খেলোয়াড়ের জায়গা কেড়ে নেওয়া তার অগ্রাধিকার নয়। ধারাবাহিকতার সঙ্গে ম্যাচ জয়ী পারফরম্যান্স করে তিনি নিজের জায়গা পাকা করতে চান।
মিনহাস বলেছেন, ‘আমি কারও জায়গা কেড়ে নিতে চাই না। আমি স্থায়ী সদস্য হিসেবে দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং দলে ম্যাচ জয়ী পারফরম্যান্স করে অবদান রাখতে চাই।’
এফএইচএম
