চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সঙ্গে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আর এই সিরিজের জন্য ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের কেউই দলে নেই।
এদিকে এখনও বাংলাদেশ তাদের দল ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে দুই-একদিনের মধ্যেই টাইগারদের দল ঘোষণা করবে বিসিবি। ধারণা করা হচ্ছে, এই সিরিজে থাকছে না বড় কোনো চমক। তবে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা আফিফ হোসেনকে নাও দেখা যেতে পারে এই সিরিজে।
নতুন করে তার বদলে দলে আসতে পারেন মোসাদ্দেক হোসেন। গেল সিরিজে ব্যাট হাতে আফিফের ভালো করতে না পারায় নতুন করে তাকে নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
এদিকে সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শেরে-ই বাংলাতে ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন/মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
এসএইচ/এমএমএম
