গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শিরোপা উদযাপনের মাঝেই দুঃসংবাদ পেয়েছে আরসিবি শিবির। ম্যাচ চলাকালে অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেননের দিকে ক্ষিপ্ত হয়ে আইস ব্যাগ ছুড়ে মারার অপরাধে বড় ধরণের শাস্তি পেয়েছেন টিম ডেভিড।
গত সোমবার আইপিএল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, টিম ডেভিডকে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে তার শৃঙ্খলা রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কাছে ডেভিড নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।
ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের ১০ম ওভারে একটি উইকেট পতনের পর উত্তেজিত হয়ে আম্পায়ার নিতিন মেননের দিকে লক্ষ্য করে আগ্রাসী ভঙ্গিতে বরফ ভর্তি ব্যাগটি ছুড়ে মারেন ডেভিড। আইপিএলের আচরণবিধির লেভেল-১ অপরাধের আর্টিকেল ২.৯ অনুযায়ী ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, টিম অফিশিয়াল, আম্পায়ার বা ম্যাচ রেফারির দিকে বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেটের কোনো সরঞ্জাম ছুড়ে মারা সম্পূর্ণ নিষিদ্ধ।
সাধারণত লেভেল-১ অপরাধের জন্য সরাসরি ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয় না। কিন্তু এই মৌসুমে এটি ছিল টিম ডেভিডের তৃতীয়বারের মতো আচরণবিধি লঙ্ঘন। এর আগে দুটি ম্যাচে আরও ২টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। আইপিএলের নিয়ম অনুযায়ী, ডিমেরিট পয়েন্টের এই সীমা অতিক্রম করায় স্বয়ংক্রিয়ভাবেই তার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপিত হয়।
আইপিএলের শৃঙ্খলা কমিটির নিয়ম অনুযায়ী, টিম ডেভিড আগামী ২০২৭ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। তবে আগামী মৌসুমের আগে যদি তিনি ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করে অন্য কোনো দলেও যোগ দেন, তাহলেও নতুন দলের হয়ে প্রথম ম্যাচটিতে তাকে সাইডলাইনে বসেই কাটাতে হবে।
এমএমএম/
