ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরে রাজস্থান রয়্যালস শিরোপা জিততে না পারলেও তাদের ওপেনার বৈভব সূর্যবংশী ঠিকই সব আলো কেড়েছেন। রেকর্ডময় প্রতিযোগিতা শেষে একাধিক পুরস্কার ভাগিয়েছেন। কমলা টুপি, আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সেরা উদীয়মান ক্রিকেটার— এই সবের মালিক একজনই। বৈভব সূর্যবংশী।
এবারের আইপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারের নাম বৈভব। ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন এই বিস্ময় বালক। আইপিএল শেষে রাতারাতি বেড়ে গেছে বৈভবের দর। এখন বিজ্ঞাপনের মুখ হতে দ্বিগুণ টাকা হাঁকাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই সেনসেশন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হতে ১ কোটি টাকা নিতেন বৈভব। সেই টাকা বেড়ে ২ কোটি হয়ে গিয়েছে। আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত ছিলেন বৈভব। সেই দু’টির জন্য ১ কোটি টাকা নিয়েছিলেন তিনি। আইপিএলের পর ইতোমধ্যে বেশ কয়েকটি সংস্থা তার সঙ্গে কথা বলেছে। তখনই এই দ্বিগুণ দরের কথা জানা গিয়েছে।
বৈভব নিজে অবশ্য বিজ্ঞাপনের দিকটি দেখেন না। তার বাবা-মা পুরো বিষয়টি তদারকি করেন। তারাই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তাদের মতে, বৈভবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সংস্থাগুলো এত লাভ করছে। তার কিছুটা তো বৈভবের প্রাপ্য। সেই কারণেই দর বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, আইপিএলে ২০২২ সালের মেগা নিলামে ১ কোটি ১০ লাখ টাকায় বৈভবকে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে গত দু’বছরে, বিশেষ করে এবার বৈভব যেভাবে মাঠে ঝড় তুলেছে, তাতে এখন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়াও যেন অসাধ্য কিছু নয়। পরের মৌসুমের পর মেগা নিলামের আগে বৈভবকে ধরে রাখতে যে রাজস্থানকে বড় টাকা খরচ করতে হবে তা নিশ্চিত।
এফআই
