আর্নে স্লটের সঙ্গে দুই মৌসুম পরই সম্পর্ক চুকে গেছে লিভারপুলের। অ্যানফিল্ডের ক্লাবটি তার অধীনে প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল জিতেছিল। কিন্তু সদ্য সমাপ্ত মৌসুমে সেই ধারাবাহিকতা ছিল না অলরেডদের। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে এবারের লিগ শেষ করা লিভারপুল স্লটের জায়গায় নতুন আগ্রাসী কোচ খুঁজছে। যেখানে এগিয়ে আছেন আন্দোনি ইরাওলা।
বোর্নমাউথকে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে তুলে প্রিমিয়ার লিগের এই মৌসুম শেষ করেছেন তিনি। সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্যমতে– লিভারপুল কর্তৃপক্ষ এখন আরও আগ্রাসী, প্রতিপক্ষকে চেপে ধরে ক্রমাগত আক্রমণ করে যাওয়ার মতো মানসিকতার কোচ পেতে মরিয়া। যেখানে এগিয়ে থাকা প্রার্থীর নাম ইরাওলা, বোর্নমাউথে তার দল পরিচালনার ধরন দেখে ক্লাব কর্মকর্তারা মুগ্ধ।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ জুন থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হবে, এর ভেতরই নতুন কোচ ঠিক করে ফেলতে চায় লিভারপুল। আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি থাকলেও আগেভাগেই নিয়োগের কিছু কাজ সম্পন্ন হবে বলে আশা তাদের। এদিকে, গুঞ্জন ছিল নিজেদের কোচিং স্টাফে থাকা সাবেক ফুটবলারদের মধ্য থেকে এই প্রক্রিয়া সারবে অলরেডরা, তবে তেমন কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ওই সূত্র।
লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে থাকা ইরাওলা ইতোমধ্যে অলরেড ও সাবেক ইংলিশ তারকা স্টিভেন জেরার্ডের সমর্থন পেয়েছেন। টিএনটি স্পোর্টসের সঙ্গে আলোচনায় সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার মতে বোর্নমাউথে তিনি অবিশ্বাস্য কাজ করেছেন। তার কাজের প্রক্রিয়া লিভারপুলেও মানানসই হবে বলে মনে করি। কথাটা সরাসরি বলি– লিভারপুল ফুটবল ক্লাব সারা বিশ্বের অনেক সেরা ম্যানেজারের কাছে একটি আকর্ষণীয় চাকরি। ফলে কেবল তার নামই যে টেবিলে থাকবে বিষয়টি এমন নয়। কিন্তু বোর্নমাউথের সঙ্গে যোগসূত্র এবং বোর্ড পর্যায়ে ক্লাবটি থেকে লিভারপুলে আসা ব্যক্তিরা তাকে (ইরাওলা) খুব ভালোভাবেই চেনেন।’
— Fabrizio Romano (@FabrizioRomano) June 2, 2026
এর আগে ২০২৪ সালে কিংবদন্তি ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর অ্যানফিল্ডের ডাগআউটে বসেছিলেন আর্নে স্লট। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করে লিভারপুলকে তাদের ইতিহাসের ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। কিন্তু সাফল্যের সেই চূড়া থেকে স্লটের পতন ঘটল মাত্র এক মৌসুমের ব্যবধানেই।
গেল ২০২৫-২৬ মৌসুমে ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে আলেকজান্ডার ইসাক এবং ১১৬ মিলিয়ন পাউন্ডে ফ্লোরিয়ান ভির্টজসহ মোট ৪১৫ মিলিয়ন পাউন্ড খরচ করেও লিগের পঞ্চম স্থানে শেষ করেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটলেও চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে মাত্র ৬০ পয়েন্টে মৌসুম শেষ করেছে অলরেডরা। যা ২০১৫-১৬ মৌসুমের পর লিগে তাদের সর্বনিম্ন পয়েন্টের রেকর্ড।
এএইচএস
