বিজ্ঞাপন

সেঞ্চুরির সময় অস্ট্রেলিয়ান বোলারদের কথা মাথায় ছিল হৃদয়ের

সেঞ্চুরির সময় অস্ট্রেলিয়ান বোলারদের কথা মাথায় ছিল হৃদয়ের

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখেই ব্যাটিং করেছেন।

ম্যাচসেরার পুরস্কার হাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় বলেন, ‘অবশ্যই ওদের বোলিং খুব ভালো ছিল। যেহেতু সামনেই অস্ট্রেলিয়া সিরিজ আছে, মিরপুরে খেলা…এই মাঠেই খেলা হবে। সে কারণে চেষ্টা করেছি যতটুকু অস্ট্রেলিয়ার সঙ্গে মিল রেখে খেলার, ওই সিরিজে কীভাবে খেলব এই প্ল্যানটাই ছিল। সার্বিকভাবে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’

অস্ট্রেলিয়া বড় নাম হলেও হৃদয় নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেকটা টিমই বড়। অস্ট্রেলিয়া হয়তো বড় নাম, কিন্তু আমাদের মাঠে আমরাও বড় টিম এবং শেষ কিছু সিরিজে আমরা খুব আধিপত্যপূর্ণ পারফরম্যান্স করেছি দল হিসেবে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আর বড় স্কোর করতে গেলে সবসময় ওপরের দিক থেকে রান করতে হয়। যদি আমাদের নিয়মিত টপ অর্ডার থেকে রান না আসে, সেদিন মিডল অর্ডারের দায়িত্ব থাকে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায়।’

সেঞ্চুরির চেয়ে মোহামেডানের জয়ে অবদান রাখতে পেরেই সন্তু্ট হৃদয়, ‘আলহামদুলিল্লাহ টিমকে কন্ট্রিবিউট করতে পেরে খুব ভালো লাগছে। ব্যাটসম্যান হিসেবে আমার দায়িত্বই তো থাকে যে টিমকে কন্ট্রিবিউট করা। আমি সবসময় ওইটাই ট্রাই করি। আর গত বছরও ক্যাপ্টেনসি করেছি। এটা অবশ্যই উপভোগ করি।’

এসএইচ