বিজ্ঞাপন

সরিয়ে নেওয়া হলো অস্বাভাবিকভাবে দুলতে থাকা মেসির ভাস্কর্য

সরিয়ে নেওয়া হলো অস্বাভাবিকভাবে দুলতে থাকা মেসির ভাস্কর্য

গত মাসেই খবর ছড়িয়েছিল, কলকাতার পশ্চিমবঙ্গে স্থাপিত লিওনেল মেসির দৈত্যাকার ৭০ ফুট উঁচু ভাস্কর্য অস্বাভাবিকভাবে দুলছে। নিরাপত্তা শঙ্কার কারণে স্থানীয় গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা সেটি পরিদর্শনের পর সোমবার সরিয়ে নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে ভারত সফরে গিয়ে ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গত ২৫ মে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীরা মূর্তিটি পরিদর্শন করেন। ওই সময় ভাস্কর্যটির কাঠামোগত অখণ্ডতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রমাণিত হওয়ার পর তা অবিলম্বে অপসারণ ও স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল অবশ্য আরও আগে থেকেই। ফাইবারগ্লাস ও লোহার কাঠামোটিকে মজবুত নাইলন দড়ি দিয়ে সুরক্ষিত করা হয়েছিল প্রথমে, পরে গত সপ্তাহে লোকজন ও যানবাহনকে ঘটনাস্থল থেকে দূরে রাখতে দেওয়া হয় ব্যারিকেড। যার ধারাবাহিকতায় গতকাল সেটি নামিয়ে ফেলা হয়েছে।

সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সরিয়ে নেওয়া মেসির ভাস্কর্যটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে থাকবে এবং পরে তা কোথায় পুনঃস্থাপন করা হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত ডিসেম্বরে ভারতে মেসির ‘গোট ট্যুর’ শুরু হয় কলকাতা সফর দিয়ে। সফরকালে লেকটাউনে স্থাপিত ভাস্কর্য উদ্বোধন করেছিলেন তিনি।

এর আগে মেসির ওই ৭০ ফুট দীর্ঘ ভাস্কর্যটি নিয়ে অতীতেও হাইকোর্টে মামলাও হয়েছে। ওই মূর্তি সরকারি জমির উপর বসানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল আদালতে। ওই মূর্তি বসানোর নেপথ্যে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মন্ত্রী সুজিত বসু। সম্প্রতি ক্ষমতায় থাকাকালে নিয়োগে দুর্নীতির অভিযোগে হওয়া মামলায় সুজিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এএইচএস