বিশ্ব ক্রিকেটে নতুন পরাশক্তি আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে বেশ সুনাম কুড়িয়েছে দলটি। ফ্র্যাঞ্চাইজি লিগেও থাকে আফগান ক্রিকেটারদের ছড়াছড়ি। তবুও বড় দলগুলোকে আতিথিয়েতা দেওয়ার সুযোগ পায় না আফগানরা। এবার সেই শেকল ভেঙে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড।
ভারতের বিপক্ষে প্রথমবার হোম সিরিজ আয়োজনেও থাকছে চমক। আফগানিস্তানের হোম সিরিজ হলেও এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী দিল্লিতে। অর্থাৎ, ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ‘হোম সিরিজ’ খেলবে আফগানিস্তান। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে আফগানিস্তান। সম্ভাব্য সূচি অনুযায়ী ম্যাচগুলো ১৩, ১৬ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সূচি চূড়ান্ত হওয়ার পথে।
এর আগে আগামী ৬ জুন থেকে ভারতের মাটিতে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের আয়োজক ভারত। তবে সেপ্টেম্বরে সেই ভূমিকা বদলে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক হতে চায় রশিদ-নবীদের অভিভাবক সংস্থা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে দুই বোর্ডের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে। কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই সিরিজটির সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এছাড়া আফগানিস্তানের ‘হোম সিরিজ’ আয়োজনকে কেন্দ্র করে দিল্লি প্রিমিয়ার লিগের সূচিতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে।
উল্লেখ্য, নিরাপত্তা ও রাজনৈতিক কারণে নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না আফগানিস্তান। ফলে গত এক দশক ধরে নিজেদের হোম সিরিজ ভারতের বিভিন্ন শহর এবং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে দেশটি। সেই ধারাবাহিকতা ভারতের বিপক্ষে হোম সিরিজ ভারতের মাটিতেই আয়োজন করবে আফগান ক্রিকেট বোর্ড।
আইএইচ
