বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে লিওনেল মেসির অর্জনের মুকুটে যুক্ত হলো আরেক পালক। স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।
ওভিয়েদোতে দুই দিনব্যাপী বৈঠক শেষে ১২টি দেশের ২৭ জন মনোনীত ব্যক্তির মধ্য থেকে বিচারক প্যানেল মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করেছে।
বিচারক কমিটির সভাপতি ও প্যারালিম্পিক সাঁতারু তেরেসা প্যারালস পুরস্কার ঘোষণার সময় বলেন, ‘মেসির অসাধারণ প্রতিভা, বর্ণাঢ্য ক্রীড়া–ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের মানবিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।’
— FC Barcelona (@FCBarcelona) June 3, 2026
বিচারকদের মতে, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসির অর্জন প্রশ্নাতীত। ২৩ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি জিতেছেন রেকর্ড ৪৭টি শিরোপা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার সাফল্যের তালিকা দীর্ঘ।
স্প্যানিশ ক্লাব বার্সেলানার হয়ে তিনি জিতেছেন ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে এবং ৮টি স্প্যানিশ সুপার কাপ। পরে পিএসজির হয়ে জেতেন দুটি লিগ ওয়ান ও একটি ফরাসি সুপার কাপ। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ, এমএলএস সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ।
আন্তর্জাতিক ফুটবলেও তার অর্জন ঈর্ষণীয়। বার্সেলোনার হয়ে চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি উয়েফা সুপার কাপ জিতেছেন। আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা, অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক।

ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও মেসি অনন্য। তার ঝুলিতে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর, ছয়টি গোল্ডেন বুট, তিনটি ‘দ্য বেস্ট’ পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন দুবার।
২০০৭ সালে প্রতিষ্ঠিত লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে মেসি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিচারকদের মতে, এই মানবিক কর্মকাণ্ডও তাঁকে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কারের ইতিহাসে এবারই প্রথম কোনো ফুটবলার এককভাবে এ সম্মাননা পেলেন। এর আগে ফুটবলের প্রতিনিধিত্ব করে এই পুরস্কার পেয়েছিল ব্রাজিল জাতীয় ফুটবল দল (২০০২), স্পেন জাতীয় ফুটবল দল (২০১০) এবং ইকার ক্যাসিয়াস ও জাভি হান্দার্দেজ (২০১২)।
গত বছর এই পুরস্কার জিতেছিলেন টেনিস কিংবদন্তী সেরেনা উইলিয়ামস। তার উত্তরসূরি হিসেবে এবার মেসির নাম যুক্ত হলো এই মর্যাদাপূর্ণ তালিকায়। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের অংশ হিসেবে মেসি পাবেন ৫০ হাজার ইউরো অর্থমূল্য, একটি পদক, সনদপত্র এবং স্প্যানিশ শিল্পী হুয়ান মিরোর ভাস্কর্যের প্রতিরূপ।
এফআই

