রোঁলা গাঁরোয় আরও এক অঘটন। প্রথম সেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো পরও আচমকা ছন্দপতন এবং অবিশ্বাস্য এক ধসের শিকার হয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন বিশ্বসেরা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ২৫তম বাছাই রাশিয়ার ডায়ানা শ্নাইডারের কাছে হেরে নারী এককের শীর্ষ ফেভারিটের ট্রফি জয়ের স্বপ্ন শেষ।
ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরটি যেন শুধুই অঘটনের মঞ্চ। টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা কোয়ার্টার ফাইনালে পুরোপুরি খেই হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। প্রথম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল খেলতে নামা রুশ তরুণী ডায়ানা শ্নাইডার উপহার দিয়েছেন এক স্মরণীয় কামব্যাক।
ম্যাচের শুরুটা অবশ্য প্রত্যাশামতোই করেছিলেন গতবারের রানার্স-আপ সাবালেঙ্কা। প্রথম সেট ৩-৬ ব্যবধানে জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটেও ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলেন এই বেলারুশ তারকা। ডাবল ব্রেকে যখন ম্যাচ পকেটে পুরার অপেক্ষা, তখনই ম্যাচের দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে।
অবিশ্বাস্যভাবে ম্যাচের শেষ ১৩টি গেমের মধ্যে ১২টিই জিতে নেন রাশিয়ান তারকা। শেষ পর্যন্ত ম্যাচটির স্কোরলাইন দাঁড়ায় ৩-৬, ৭-৫, ৬-০।
ম্যাচ শেষে বাকরুদ্ধ শ্নাইডার বলেন, ‘সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। সে বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তাই আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি পয়েন্টের জন্য আমাকে লড়াই করতে হয়েছে।’
ফাইনালে ওঠার লড়াইয়ে শ্নাইডার মুখোমুখি হবেন পোল্যান্ডের কোয়ালিফায়ার মায়া চোয়ালিনস্কার।
এমএমএম/
