বিজ্ঞাপন

পারফর্ম করেও জিম্বাবুয়ের বিপক্ষে কেন ডাক পাননি রবিন

পারফর্ম করেও জিম্বাবুয়ের বিপক্ষে কেন ডাক পাননি রবিন

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা রাখে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা খেলার সূচি তৈরির চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি।

আসন্ন সিরিজে তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চারদিনের ম্যাচ। ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে জায়গা হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। যদিও বছরখানেক আগে থেকে রান করে চলেছেন ডানহাতি এই ব্যাটার। চলমান ঢাকা লিগে এখন পর্যন্ত রবিন ৮ ম্যাচে ৪০৬ রান করেছেন। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

গেল বছরের প্রিমিয়ার লিগে ৪৭ গড়ে রবিন করেছিলেন ৫১২ রান। এরপর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৪১ গড়ে ১২৩ রান। এ ছাড়া ৫০ ওভারের বিসিএলে ৫৫ গড়ে ১৬৩ রান করেছিলেন রবিন। রবিনের মতো পারফর্মারের কেন এইচপি দলে জায়গা হয়নি এমন প্রশ্নের ব্যাখা দিয়েছেন বিসিবি নির্বাচক নাইম ইসলাম। 

ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন, ‘সামনে অনেক খেলা আছে, তাকে দেখতে পাবেন। এই সিরিজে যাদেরকে নিয়েছি তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে রবিনের চেয়ে। সে ভালো খেলতেছে, প্রিমিয়ার লিগটা শেষ করুক। সামনেও অনেক খেলা রয়েছে, অবশ্যই সুযোগ পাবে সে। জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলে তার চান্স রয়েছে। আমাদের চিন্তা ভাবনায় সে রয়েছে।’

৫০ ওভারের ক্রিকেটে গেল বছরখানেক ধরে বেশ ধারাবাহিক রবিন, পরিসংখ্যানই বলে দেয় এই তথ্য। ৫০ ওভারে যতগুলো টুর্নামেন্ট খেলেছেন, তার মধ্যে সবচেয়ে কম গড় ছিল ৩৫। লিস্ট-এ ক্রিকেটে এখন অব্দি ৩৯ ম্যাচে ৪৬ গড়ে ১৫৯৪ রান রয়েছে রবিনের। 

প্রথম দুই ওয়ানডেতে এইচপি স্কোয়াড : জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মো. আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড : জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, খালেদ আহমেদ।

এসএইচ/এএইচএস