জাতীয় দলে মেহেদী হাসান মিরাজ দলে থাকাকালে মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগ নেই- সাবেক প্রধান নির্বাচক থাকাকালে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। পরবর্তীতে অবশ্য দুঃখ প্রকাশও করেছিলেন। সেই ঘটনার পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক।
এবার এ নিয়ে মুখ খুললেন মোসাদ্দেক। জানালেন, ‘২-১ ম্যাচ নয়, অনেক ম্যাচেই আমরা ৩-৪ জন অলরাউন্ডার বাংলাদেশ দলে খেলেছি। আমি একটু হতাশ ছিলাম স্বাভাবিকভাবেই। যেকারও বেলায় হবে। অবশেষে সুযোগ এসেছে। চেষ্টা করব নির্বাচক থেকে শুরু করে দেশের মানুষ যে আস্থা রেখেছে তার প্রতিদান দেওয়ার।’
অনেক বছর পর জাতীয় দলে ফেরা নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘এভাবে আসলে কখনও মনে করিনি। সব মিলে প্রায় ৪ বছর। অনেক দিন অপেক্ষা করা লেগেছে, ভালো খেলতে হয়েছে। এখানে অনেক ব্যাপার থাকে। টিম কম্বিনেশনের ব্যাপার আছে, প্রতিপক্ষ কারা এসব আছে। নির্বাচকদের মনে হয়েছে, এটা পারফেক্ট টাইম এ কারণে আমাকে পিক করেছে।’
সাকিব না থাকায় মোসাদ্দেকের অন্তর্ভুক্তি- এসব ভেবে চাপ বাড়াতে নারাজ তিনি। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘সাকিব ভাই যে ম্যাচে খেলত না, সে ম্যাচে শুরু থেকেই আমরা ফাঁকা অনুভব করতাম। এখনও সেই গ্যাপ দেখা যায়। সাকিব ভাই খেললে বাড়তি ব্যাটার বা বোলার খেলানো যায়। উনি না থাকায় এই সুযোগ কম। তাই তার জায়গায় যে খেলছে, তার ওপর অনেক চাপ।’
‘আপনারাও যখন বলেন, সাকিব ভাইয়ের সাথে অন্য কাউকে মিলিয়ে ফেলছেন। উনার মতো দুই বিভাগ একসাথে সামলানো বিশ্ব ক্রিকেটেই বিরল। বাড়তি চাপ এলে পারফর্ম করা কঠিন হয়ে যায়। তাই প্রত্যেককে স্বাধীনতা দেওয়া উচিত, প্রেরণা জোগানো উচিত।’
এসএইচ/এমএমএম
