World Cup Football Field

বিজ্ঞাপন

ফুটবল বিশ্বকাপ

শিরোপার রাজা ব্রাজিল, ৮ দেশের দখলে ২২ আসরের ট্রফি

শিরোপার রাজা ব্রাজিল, ৮ দেশের দখলে ২২ আসরের ট্রফি

৯৬ বছরের দীর্ঘ ইতিহাস ফুটবল বিশ্বকাপের। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া এই মহাযজ্ঞ এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২২ বার। শিরোপা জিততে পেরেছে মাত্র আটটি দেশ। আসন্ন ২৩তম বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কতবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে...

শিরোপা জেতার নিরিখে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়া একমাত্র দল লাতিন আমেরিকার দেশটি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে ট্রফি জিতেছে সেলেসাওরা। পেলের যুগ থেকে শুরু করে রোনালদো-রিভালদোদের সময় পর্যন্ত বিশ্ব ফুটবলে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। যদিও ২০০২ সালের পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেনি তারা। 

চারটি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও ইতালি। জার্মানরা ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে ইতালির চার শিরোপা এসেছে ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে। প্রসঙ্গত, আসন্ন আসরে খেলার সুযোগ পায়নি চার বারের চ্যাম্পিয়নরা। 

তিন যুগ অপেক্ষার পর ২০২২ সালে কাতারে শিরোপার দেখা পেয়েছে আর্জেন্টিনা। 

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন লাতিন জায়ান্ট আর্জেন্টিনা। ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ২০২২ সালে মহাতারকা লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপে তারা নামছে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে।

দুইবার করে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স ও উরুগুয়ে। ফরাসিরা শিরোপা জিতেছে ১৯৯৮ ও ২০১৮ সালে। আর বিশ্বকাপের প্রথম দুই আসরের একটি জেতা উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৩০ ও ১৯৫০ সালে।

একবার করে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড ও স্পেন। ইংল্যান্ডের একমাত্র শিরোপা ১৯৬৬ সালের, আর স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়।

কার ঘরে কত শিরোপা 

দেশ    শিরোপা বছর
ব্রাজিল ০৫  (সর্বোচ্চ) ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২
জার্মানি ০৪  ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪     
ইতালি ০৪  ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬  
আর্জেন্টিনা  ০৩ ১৯৭৮, ১৯৮৬, ২০২২    
ফ্রান্স    ০২ ১৯৯৮, ২০১৮ 
উরুগুয়ে ০২ ১৯৩০, ১৯৫০
ইংল্যান্ড    ০১ ১৯৬৬
স্পেন     ০১ ২০১০     

এফআই