বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের ক্ষেত্রে বরাবরই কঠোর অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বর্তমানে দেশটির কোনো সক্রিয় আন্তর্জাতিক, ঘরোয়া বা আইপিএল ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারেন না। তবে অবসরের ঘোষণা দিলেই সেই সুযোগ উন্মুক্ত হয়ে যায়। এবার সেই পথেও নতুন নিয়মের কথা ভাবছে বিসিসিআই।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটকে বিদায় জানান অলরাউন্ডার বিজয় শঙ্কর। কিন্তু অবসরের মাত্র পাঁচ দিনের মধ্যেই তিনি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য নাম নিবন্ধন করেন। পরে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় ক্যান্ডি রয়্যালস। অবসর নিয়ে বিদেশি লিগে নাম লেখানোর ঘটনাই নতুন করে ভাবতে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটারদের অবসর এবং বিদেশি লিগে অংশগ্রহণের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের বিষয়টি বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে আলোচনায় উঠছে। অবসরের পর কতদিন অপেক্ষা করে বিদেশি লিগে খেলা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হতে পারে।
অবশ্য অবসরের পর বিদেশি লিগে খেলার ঘটনা ভারতীয় ক্রিকেটে নতুন নয়। এর আগে দিনেশ কার্তিক, যুবরাজ সিং, উন্মুক্ত চাঁদ, প্রবীণ তাম্বে ও ইরফান পাঠানসহ বেশ কয়েকজন ক্রিকেটার একই পথ বেছে নিয়েছেন। বিপিএলের সবশেষ নিলামে নাম লিখিয়েছিলেন অভিজ্ঞ লেগ স্পিনার পীযূষ চাওলা। যদিও শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বর্তমান নিয়ম অনুযায়ী, ভারতের কোনো সক্রিয় ক্রিকেটার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। তবে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ক্ষেত্রেও যদি নতুন বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার পরিকল্পনা আরও কঠিন হয়ে উঠতে পারে।
আইএইচ
