বিশ্বকাপের আগে স্পেন শিবিরের সবচেয়ে বড় আলোচনার নাম লামিনে ইয়ামাল। লা লিগায় চোটে পড়ে সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিলেন এই তরুণ তারকা। বিশ্বকাপ শুরুর দেড় মাস আগে ইনজুরিতে পড়ায় তার টুর্নামেন্ট খেলা নিয়েই দেখা দিয়েছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে সেই শঙ্কার মাঝেই ইয়ামালকে দলে রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে স্পেন।
এতে প্রশ্ন ওঠেছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন কি ইয়ামাল? সে প্রশ্নের পুরোপুরি নিশ্চিত উত্তর দিতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে আশার খবরও শুনিয়েছেন তিনি। স্প্যানিশ কোচ জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইয়ামালকে মাঠে দেখা যেতে পারে।
যদিও তার খেলা এখনো নির্ভর করছে শেষ মুহূর্তের শারীরিক মূল্যায়নের ওপর। ইয়ামালের বর্তমান অবস্থা নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘বড় কোনো পরিবর্তন না হলে ১৫ জুনের ম্যাচে ইয়ামাল খেলতে পারে। তবে সে যে নিশ্চিতভাবেই খেলবে, তা বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের তার শারীরিক অবস্থার মূল্যায়ন করতে হবে। হয়তো কিছু সময় খেলবে, কিংবা কেবল অনুশীলন করবে, যাতে পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকতে পারে।’
আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। স্পেন তাদের অভিযান শুরু করবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপ মিশনের আগে বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্প্যানিশরা। তবে সেই ম্যাচে ইয়ামালকে দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন দে লা ফুয়েন্তে।
গত ২২ এপ্রিল লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান ইয়ামাল। এরপর মৌসুমের বাকি সময় আর বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। সেই চোটই বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে বড় সংশয় তৈরি করেছিল। যদিও পুনর্বাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তবু এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন স্পেনের এই উদীয়মান তারকা।
ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইয়ামালকে দেখা যেতে পারে, আবার নাও যেতে পারে। আপাতত স্পেনের সমর্থকদের অপেক্ষা করতে হবে শেষ মুহূর্তের সিদ্ধান্তের জন্য। যার চূড়ান্ত উত্তর মিলবে ১৫ জুন।
আইএইচ

