বিজ্ঞাপন

‘বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে ভালো’ সান মারিনো কোচ

‘বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে ভালো’ সান মারিনো কোচ

বাংলাদেশের জন্য সান মারিনো ম্যাচটি বেশ ঐতিহাসিক। ইউরোপের মাটিতে প্রথম ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ। সান মারিনো ইতালি, স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে খেললেও বাংলাদেশ ম্যাচটি তাদের জন্যও ভিন্ন মর্যাদার। কারণ এশিয়ার কোনো দলের বিপক্ষে এটিই তাদের প্রথম ম্যাচ। 

আন্তর্জাতিক ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশের হোম ম্যাচে মিডিয়ার থাকে সরব উপস্থিতি। ইউরোপের দেশ সান মারিনোর আয়তন মাত্র ৬১ কিলোমিটার। ফলে এই দেশের মিডিয়ার সংখ্যাও কম। তাই গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামালদের ভিন্ন অভিজ্ঞতাই হয়েছে। ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে তলানিতে সান মারিনো। বাংলাদেশ তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে। সান মারিনো ইউরোপের বড় দেশগুলোর সঙ্গে খেলায় তাদের কাছে ৩০ ধাপ এগিয়ে থাকা তেমন বিবেচ্য বিষয় নয়। কালকের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের নানা প্রসঙ্গ এসেছে ঘুরে ফিরে।

সান মারিনোর হেড কোচ রবার্তো সেভোলি বলেন,‘বাংলাদেশ দলে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খুবই ভালো।’ বাংলাদেশের অন্যতম দ্রুতগতির ফুটবলার রাকিব হোসেন পারিবারিক কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন শেষ মুহূর্তে। তিনি থাকলে বাংলাদেশের আক্রমণভাগের শক্তি বাড়তো আরও বেশি।

বাংলাদেশ গত সাড়ে তিন বছর স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে খেলেছে। সপ্তাহ দু’য়েক আগে নতুন কোচ হিসেবে থমাস ডুলি যোগ দিয়েছেন। সান মারিনো কোচ এ নিয়ে বলেন,‘বাংলাদেশ নতুন কোচ এসেছে। নিশ্চয়ই তিনি নতুন কিছু করার চেষ্টা করবেন।’

সান মারিনো ক্ষুদ্র দেশ। তাই তাদের স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতাও কম। হাজার পাঁচেক দর্শক গ্যালারির মধ্যে বাংলাদেশি প্রবাসী থাকবেন অনেকে। এটা নিয়ে কোচের প্রতিক্রিয়া,‘স্টেডিয়ামে অনেক বাংলাদেশি আসবে। ইউরোপে বাংলাদেশ ইউরোপিয়ান দলের সঙ্গে খেলছে তাদের ভিন্ন রকম অনুভূতি থাকবে। তবে সান মারিনো দৃষ্টিকোণ থেকে মাঠে এর কোনো প্রভাব পড়বে না।’

সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন সান মারিনো ফরোয়ার্ড ফিলিপ্পো ভার্দে। তিনি বলেন,‘বাংলাদেশ ও এশিয়ান দলের সঙ্গে আমরা প্রথম মুখোমুখি হচ্ছি। ইউরোপীয়ান দলগুলোর বিপক্ষে আমরা সাধারণত ডিফেন্সিভ অ্যাপ্রোচ থাকি। এই ম্যাচে একটু অফেন্সিভ খেলা হতে পারে। ’

এজেড/এফআই