World Cup Football Field

বিজ্ঞাপন

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরকে ঘিরে দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। এরই মধ্যে ফিফার এক প্রযুক্তিগত ভুলে ৬০ জন ফুটবলপ্রেমী বিনামূল্যে পেয়ে যান বিশ্বকাপের টিকিট। অপ্রত্যাশিত এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ ছিল না। টিকিট বিক্রির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণেই ভুলবশত এসব টিকিট ইস্যু হয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ৬০ জনকে জানানো হয়েছে, সাত দিনের মধ্যে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের টিকিট বাতিল করে দেওয়া হবে।

গত ৩ জুন ই-মেইলের মাধ্যমে দর্শকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানায় ফিফা। একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত টিকিটগুলো তাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। ফলে বিনামূল্যে টিকিট পাওয়ার আনন্দ অনেকের জন্য মুহূর্তেই দুশ্চিন্তায় বদলে গেছে।

জানা গেছে, শুরুতে এই ভুল ধরতেই পারেনি ফিফা। নিয়মমাফিক অর্থ পরিশোধ করে টিকিট কেনা কয়েকজন সমর্থকের অভিযোগের পর বিষয়টি সংস্থাটির নজরে আসে। পরে তদন্তে প্রযুক্তিগত ত্রুটির সত্যতা মিললে নড়েচড়ে বসে সংস্থাটি। এরপর অর্থ পরিশোধের নতুন নির্দেশনা জারি করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফিফার টিকিট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের টিকিট বিক্রির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন ভুল কীভাবে ঘটল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।

এর আগেও বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে বিতর্কে জড়িয়েছে ফিফা। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এছাড়া খ্যাতিমান কোচ পেপ গার্দিওলাসহ ফুটবল অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব টিকিটের দাম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

আইএইচ