পাকিস্তান সফরে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। স্পিন সহায়ক উইকেট, নিচু বাউন্স, বলের টার্ন আর তীব্র গরমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হারতে হয়েছে তাদের। তবে সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। তার মতে, বাংলাদেশ সফরেও একই ধরনের কন্ডিশনের মুখোমুখি হতে পারে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা। সিরিজ শেষে হতেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছে অজিরা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে টাইগারদের মুখোমুখি হওয়ার আগে ঢাকার পিচ ও কন্ডিশন নিয়ে সতর্ক এই দল।
পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের কন্ডিশন নিয়ে ইংলিস বলেন, ‘ওখানেও (বাংলাদেশে) হয়তো আমরা একই রকম কন্ডিশন পেতে পারি। অপেক্ষা করে দেখতে হবে। তবে এখানে খেলে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, পরিকল্পনাগুলোও গুছিয়ে নিতে পেরেছি। দলের অনেকের জন্যই এটি ভালো শেখার সুযোগ ছিল।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল অলিভার পিকের। সুযোগ পেয়েছেন কুপার কনোলির মতো উঠতি ক্রিকেটাররাও। উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিকেও ওপেনিংয়ে পরীক্ষা করে দেখা হয়েছে। অজি অধিনায়কের মতে, এমন কঠিন কন্ডিশনে তরুণরা ভবিষ্যতের জন্য দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
ইংলিস বলেন, ‘অনেকের জন্যই এটি নতুন অভিজ্ঞতা। অলিভার পিককে আমি বলেছি, একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এর চেয়ে কঠিন কন্ডিশন পাওয়া সম্ভবত কঠিন। এই কন্ডিশনে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, রিভার্স সুইং ও স্পিন কীভাবে সামলাতে হয়—এসব বিষয়ে আমরা অনেক কিছু শিখেছি।’
আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পাড়ি দিবে উভয় দল।
আইএইচ
