বিজ্ঞাপন

এমন রেকর্ড গড়তে পারেনি বিশ্বের কোনো দল

এমন রেকর্ড গড়তে পারেনি বিশ্বের কোনো দল

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০ বলের ইনিংসে ৩০০ রান এখনো বিস্ময়ের নাম। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে এমন কীর্তি দেখা গেছে হাতে গোনা কয়েকবার। তবে বিশ্বের আর কোনো দল যা করতে পারেনি, সেটিই করে দেখিয়েছে নেপাল। টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র দল হিসেবে একাধিকবার তিন শতাধিক রান করার অনন্য রেকর্ড গড়েছে তারা।

প্রথমবার এই কীর্তি আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। মঙ্গোলিয়ার বিপক্ষে কুশল মল্লারের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩১৪ রান তোলে নেপাল। সেই ম্যাচে তারা জয় পায় ২৭৩ রানের বিশাল ব্যবধানে। এরপর চলতি বছরের মে মাসে চীনের বিপক্ষেও ব্যাটিং তাণ্ডব চালায় নেপাল। ৩১৩ রান সংগ্রহ করে ২২১ রানের জয় তুলে নেয় দলটি।

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বার ৩০০ রানের গণ্ডি পেরোনো বিশ্বের প্রথম দল হয়ে যায় তারা। আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বের আর কোনো দল এমন মাইলফলক স্পর্শ করতে পারেনি।

আইসিসির সহযোগী সদস্য হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার প্রমাণ বহুবার দিয়েছে নেপাল। একাধিক বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যও পরিচিতি পেয়েছে দলটি। আর একাধিকবার ৩০০ রান করে তারা নিজেদের নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩০০ বা তার বেশি রান করেছে মোট ছয়টি দল। নেপাল ছাড়াও এই তালিকায় আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে, জার্মানি এবং ভারতের ঘরোয়া দল বারোডা ও পাঞ্জাব। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ৩০০ রানের কীর্তি গড়ে জিম্বাবুয়ে। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছাড়ানো সংগ্রহ করে তালিকায় নাম লেখায় ইংল্যান্ড।

তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নেপালের নয়। সেই রেকর্ড ভারতের ঘরোয়া দল বারোডার। ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৩৪৯ রান তোলে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে, যারা গাম্বিয়ার বিপক্ষে সংগ্রহ করেছিল ৩৪৪ রান। এরপরই রয়েছে নেপালের দুটি ইনিংস।

অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২১৫ রান। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে নেমে এই রেকর্ড গড়েছিল মুশফিক-রিয়াদরা। তবে সর্বোচ্চ রান খরচ করার রেকর্ডের কাছেও পৌঁছে গিয়েছিল টাইগাররা। ২০২৪ সালে ভারতের বিপক্ষে এক ম্যাচে ২৯৭ রান হজম করতে হয়েছিল বাংলাদেশকে।

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রয়েছে বড় সংগ্রহের নজির। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৫৪ রানের রেকর্ড বর্তমানে ঢাকা ক্যাপিটালসের দখলে।

আইএইচ