রয়টার্সের করা অর্থনীতিবিদদের একটি সমীক্ষা বলছে, ফ্রান্স স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলবে এবং পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল সবচেয়ে বড় ফ্লপ (ব্যর্থ দল) হবে। তবে ওই অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়ার চেয়ে ফুটবলের ফলাফল মেলানো এখনও অনেক বেশি কঠিন।
বিশ্বজুড়ে ১৬০ জন অর্থনীতিবিদের সমীক্ষার বিষয়বস্তু ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে যৌথভাবে আয়োজিত ১০৪টি ম্যাচের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৪৮টি দল। তিনটি দেশে অনুষ্ঠিত হওয়া এটিই প্রথম বিশ্বকাপ।
গত ১১ মে থেকে ৫ জুনের মধ্যে পরিচালিত এই জরিপে ৩৫% ভোট পেয়ে নিজেদের জার্সিতে তৃতীয় তারকা যোগ করার দৌড়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। ৩১% ভোট পেয়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে স্পেন—যা মূলত ‘পলিমার্কেট’-এর মতো বেটিং প্ল্যাটফর্মগুলোর পূর্বাভাসের সঙ্গে মিলে যায়। এই ফলাফল ইউরোপকে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে আনবে।
যদি তাদের পূর্বাভাস সত্যি হয়, তবে ফ্রান্সের দিদিয়ের দেশম ১৯৩৮ সালে ইতালির ভিত্তোরিও পোজোর পর প্রথম কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন। একই সাথে ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ট্রফি তোলার পর কোচ হিসেবেও দুটি বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি হবেন তিনি।
বর্তমান ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচ পছন্দের তালিকায়।
আরবিসি-এর লন্ডনে কর্মরত সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশার পর, এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ফ্রান্স বেশ ভালোভাবেই প্রস্তুত।’
তিনি আরও যোগ করেন, ‘গত বিশ্বকাপের ফাইনালে খেলা দলের বেশ কয়েকজন সদস্য এখনও স্কোয়াডে রয়েছেন যারা এখন তাদের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, পাশাপাশি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলের কিছু নতুন প্রতিভাও দলে যুক্ত হয়েছেন। এর সাথে যোগ হয়েছে কিলিয়ান এমবাপে, যাকে এই টুর্নামেন্টের জন্য বেশ ফুরফুরে অবস্থায় পাওয়া যাবে।’
রিয়াল মাদ্রিদে আরও একটি দুর্দান্ত মৌসুম কাটানো এমবাপেই এই জরিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’—উভয়টির জন্যই ভোটাভুটিতে শীর্ষে রয়েছেন।
অবশ্য তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ক্যারিয়ার সেরা ৬১ গোলের মৌসুম কাটিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে সামান্য ব্যবধানে হারিয়েছেন।
তবে এই টুর্নামেন্টে দুজনের সামনেই আরেকটি মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে।
বিশ্বকাপে যথাক্রমে ১২ ও ৮টি গোল করা এমবাপ্পে এবং কেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি ভাঙার দৌড়ে রয়েছেন। এই দৌড়ে ১৩টি গোল নিয়ে তাদের সামনে আছেন লিওনেল মেসিও।
কোচ হিসেবে কার্লো আনচেলত্তির আগমনেও ব্রাজিলকে নিয়ে আশাবাদী নয় তারা। এক তৃতীয়াংশই মনে করেন এবার ব্যর্থ হতে যাওয়া ফুটবল পরাশক্তিদের মধ্যে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। তাদের পরে আছে ইংল্যান্ড ও জার্মানি।
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের নরওয়ে আন্ডারডগ হিসেবে চমক দেখাতে পারে। উদীয়মান তারকা হিসেবে ৪৬ জনকে ভোট দিয়েছেন অর্থনীতিবিদরা, যেখানে সবার শীর্ষে স্পেনের ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল।
টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে থাকবেন ফ্রান্সের মাইক মাইগনান, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ ও স্পেনের উনাই সিমন।
এফএইচএম

