যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সামনে রেখে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে ২-০ গোলে আর্জেন্টিনা জিতেছে। এই ম্যাচের আগে তারা লিওনার্দো বালের্দিকে নিয়ে দুঃসংবাদ শুনেছে। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে স্বীকার করলেন, মাংসপেশীর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এই ডিফেন্ডারের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি। সতর্কবার্তা দিয়ে স্কালোনি বলেছেন, ‘অন্যদেরও মূল্যায়ন করা হবে।’
ম্যাচের পর কোচকে প্রশ্ন করা হয়, অলিম্পিক মার্শেই ডিফেন্ডারের বিকল্প হিসেবে কাউকে ইতোমধ্যে বেছে নিয়েছেন কি না? স্কালোনি অকপটে কথা বললেন এবং জানিয়ে রাখলেন, স্কোয়াড থেকে আরও বেশি খেলোয়াড় বাদ পড়তে পারেন।
বিশ্বকাপ জয়ী কোচ বললেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে যারা শতভাগ ফিট নয়, সম্ভবত সেই সিদ্ধান্তটি কেবল একজন সেন্টার-ব্যাকের ওপর নির্ভর করছে না। এ কারণেই আমাদের আরও একটি ম্যাচ আছে এবং তারপরই আমরা সিদ্ধান্তে পৌঁছাব। বালের্দির পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার অন্য সতীর্থদেরও আরও বেশি মূল্যায়ন করতে হবে। অন্যরা কেমন করছে, সেটা না দেখে মঙ্গলবারের আগে আমরা কোনো সিদ্ধান্ত নেব না।’
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সূত্রগুলো বলছে, ইনজুরিতে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেসের অবস্থা। হন্ডুরাসের বিপক্ষে বেঞ্চে বসে থাকা ছয় খেলোয়াড়ের তালিকায় ছিলেন তারা। প্রথম দুজন পেশীর সমস্যায় ভুগছে এবং দুজনই মূল একাদশে একই পজিশনে শুরুর কারণে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
এই ম্যাচে বেঞ্চে থাকা অন্যদের মধ্যে ছিলেন জুলিয়ান আলভারেজ। গোড়ালির ব্যথায় ভুগলেও তাকে বিশ্বকাপে পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। ডানহাতের আঙুলে চোট পেয়ে এমিলিয়ানো মার্টিনেজও খেলেননি এই ম্যাচে। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়ার আশা। বাঁ হাঁটুর চোট থেকে সেরে ওঠার পর আজ (রোববার) নিকো পাজ যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
এফএইচএম

