World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ অভিষেকে নিজেদের প্রমাণ করতে চায় জর্ডান

বিশ্বকাপ অভিষেকে নিজেদের প্রমাণ করতে চায় জর্ডান

নয়বারের ব্যর্থ প্রচেষ্টার পর আশা আর দৃঢ় সংকল্প নিয়ে অবশেষে জর্ডান তাদের খরা কাটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের এই সাফল্যের গল্পটি কয়েক দশকের উচ্চাকাঙ্ক্ষা ও নিরলস প্রচেষ্টার ফসল, যা বারবার হৃদয়ভঙ্গ ও শ্বাসরুদ্ধকর মুহূর্তের মধ্য দিয়ে পার হয়েছে।

টুর্নামেন্ট যত ঘনিয়ে আসছে, জর্ডান তাদের ইতিহাসের সেরা প্রতিভাবান প্রজন্ম নিয়ে বিশ্বমঞ্চে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত। এএফসি এশিয়ান কাপের ফাইনালে পৌঁছানোর অভূতপূর্ব অর্জনের পর এবার তাদের লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করা।

জর্ডানের কোচ: জামাল সেলামি

এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে সাফল্যের পর সাবেক কোচ হুসাইন আম্মুতা নতুন চ্যালেঞ্জের খোঁজে দায়িত্ব ছাড়েন। এরপর জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন আম্মুতার মরক্কান স্বদেশী জামাল সেলামিকে নিয়োগ দেয়। ৫৫ বছর বয়সী সেলামি তার খেলোয়াড়ি জীবনে একজন তারকা মিডফিল্ডার ছিলেন এবং ১৯৯৮ বিশ্বকাপে মরক্কোর প্রতিনিধিত্ব করেছিলেন।

২০২৪ সালের জুনে ‘নাশামা’দের (জর্ডান দলের ডাকনাম) দায়িত্ব নেওয়ার পর থেকে সেলামি দলের রক্ষণভাগ মজবুত রাখার পাশাপাশি একটি গতিশীল খেলার কৌশল বজায় রেখেছেন। তার অধীনে ১২টি ম্যাচের মধ্যে জর্ডান মাত্র দুটিতে হেরেছে এবং ১৯টি গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৮টি।

জর্ডানের বিশ্বকাপ সূচি

১৬ জুন: অস্ট্রিয়া বনাম জর্ডান — সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম

২২ জুন: জর্ডান বনাম আলজেরিয়া — সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম

২৭ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা — ডালাস স্টেডিয়াম

বাছাইপর্বের পথচলা

জর্ডানের বাছাইপর্বের শুরু কিছুটা কঠিন ছিল। তাজিকিস্তানের সঙ্গে ড্র ও সৌদি আরবের কাছে হারের পর তারা দ্রুত ঘুরে দাঁড়ায়। পাকিস্তানের বিপক্ষে ৭-০ গোলের বড় জয়সহ টানা চার জয়ে তারা সৌদি আরবকে গোল ব্যবধানে পেছনে ফেলে দেয়। তৃতীয় রাউন্ডে আক্রমণভাগের ত্রয়ী—মুসা আল-তামারি, ইয়াজান আল-নাইমাত ও আলী আলওয়ানের নৈপুণ্যে তারা দাপট বজায় রাখে। ২০২৫ সালের ৫ জুন ওমানকে ৩-০ গোলে হারানোর দিনে জর্ডানের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়।

জর্ডানের বিশ্বকাপ ইতিহাস

কনফেডারেশন: এএফসি

প্রথম বিশ্বকাপ: ২০২৬

ফিফা র‌্যাঙ্কিং: ৬৩তম

অতীতের স্বপ্নভঙ্গ ও বর্তমানের জয়

এর আগে জর্ডানের প্রতিটি বিশ্বকাপ অভিযান স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিশেষ করে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে তারা উজবেকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফে উঠেছিল। লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির উরুগুয়ের বিপক্ষে সেই লড়াইয়ে হার মানতে হলেও জর্ডানের সেই প্রচেষ্টা ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। সেই অপূর্ণ স্বপ্নই এবার পূর্ণতা পেল।

বাছাইপর্বে জর্ডানের সর্বোচ্চ গোলদাতা

জর্ডানের ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি হাসান আবদেল-ফাত্তাহ বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে সর্বোচ্চ ১৬টি গোল করেছেন। ১১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক আইকনিক মুহূর্ত উপহার দিয়েছেন, যার মধ্যে নেপালের বিপক্ষে জর্ডানের ৯-০ গোলের বড় জয়ে তার একারই ছিল ৪টি গোল।

জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার- ইয়াজিদ আবুলাইলা, আবদুল্লাহ আল ফাখুরি, নূর বানি আতিয়াহ

ডিফেন্ডার- মোহাম্মদ আবুআলনাদি, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সায়েদ আল রোসান, আনাস বাদাউই, আবদুল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সালিম ওবাইদ

মিডফিল্ডার- মোহাম্মদ আল দাউদ, নিজার আল রাশদান, নূর আল রাওয়াবদেহ, রাজাই আয়েদ, আমের জামুস, ইব্রাহিম সাদেহ

ফরওয়ার্ড- মোহাম্মদ আবু জুরাইক, মুসা আল তামারি, আলী আজাইজাহ, ওদেহ ফাখুরি, আলী অলওয়ান, ইব্রাহিম সাবরা এবং মাহমুদ আলমার্দি।

এফএইচএম