ব্যাট হাতে নিয়মিত রেকর্ড গড়া হাবিবুর রহমান সোহানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিস্ফোরক ইনিংসে মাত্র ছয় দিনের মাথায় দুই রেকর্ডে নাম লেখালেন তিনি। দ্রুততম ফিফটির পর এবার করেছেন দ্রুততম সেঞ্চুরি। এতেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৪৬০৩ দিনের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন এই ডানহাতি ব্যাটার।
সিটি ক্লাবের বিপক্ষে আজ মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। এর মধ্য দিয়ে ডিপিএলের ইতিহাসে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েন তিনি। এতদিন এই কীর্তির মালিক ছিলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ২০১৩ সালের অক্টোবরে প্রাইম ব্যাংকের হয়ে ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। দীর্ঘ ৪৬০৩ দিন পর সেই রেকর্ড নিজের করে নিলেন সোহান।
জাতীয় দলে অভিষেকের আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার। মাত্র ছয় দিন আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি। এক সপ্তাহের মাথায় গড়েছেন দুই রেকর্ড। ডিপিএলে দ্রুততম সেঞ্চুরির দিনে শুধু একটি নয়, একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এই ব্যাটার।
সিটি ক্লাবের বিপক্ষে আউট হওয়ার আগে ৫৮ বলে ১৩০ রান করেন সোহান। ইনিংসটি সাজানো ছিল ১৩টি ছক্কা ও ৮টি চারে। এক ইনিংসে ১৩ ছক্কা মেরে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি। এ তালিকায় সবার ওপরে রয়েছেন সৌম্য সরকার। ২০১৯ সালের ডিপিএলে এক ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এখন এককভাবে সোহানের দখলে। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ৪৯ বলে শতক করে প্রথমবার এই রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি ডিপিএল মৌসুমে আবাহনীর হয়ে ৪৯ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন।
সিটি ক্লাবের বিপক্ষে এবার ৪৫ বলে শতক হাঁকিয়ে সবাইকে পেছনে ফেলেছেন সোহান। ফলে ডিপিএল ও বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন তিনি।
এর আগে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সোহান। গত বছর রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন তিনি। বাংলাদেশের সব ধরনের স্বীকৃত ক্রিকেট মিলিয়ে এটিই এখন পর্যন্ত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
আইএইচ
