গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ড সফরের মাঝেই নাইটক্লাবে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে ইংল্যান্ডের দুই তারকা শাস্তি পেয়েছিলেন। পরের মাসে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে গিয়ে কুইন্সল্যান্ডের নুসা সমুদ্র সৈকতে আবারও মদকাণ্ড ঘটান ইংলিশ ক্রিকেটাররা। সেসব ঘটনার রেশ না কাটতেই সম্প্রতি আবারও ইংলিশরা নাইটক্লাবে বিতর্কিত কাণ্ডের জন্ম দিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলছে ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্ট ছিল লো স্কোরিং ম্যাচ। নাটকীয় সেই ম্যাচেও ১১৫ রানের বড় জয় পায় স্বাগতিকরা। এমন অবস্থায় ইংল্যান্ড শিবির ফুরফুরে মেজাজে থাকার কথা। এরই মাঝে ঘটল ফের বিতর্কিত ঘটনা। যদিও ঠিক কী ঘটেছে তা প্রকাশ করা হয়নি, তবে ইংলিশদের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
— England Cricket (@englandcricket) June 8, 2026
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে টিম প্রোটোকল ভাঙার একটি ঘটনায় ইসিবি তদন্ত শুরু করেছে। সোমবার সকালে নাইটক্লাবে স্টোকস ও অ্যাটকিনসনের উপস্থিতিতে একটি ঘটনা ঘটে। যা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছি আমরা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে এবং যথাসম্ভব আমরা পরবর্তী তথ্য পেলে জানাব।’
এদিকে, ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি’র তথ্যমতে– লন্ডনের সারাসেন্স একাডেমি রাগবি ইউনিয়নের এক খেলোয়াড়ের সঙ্গে নাইটক্লাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে স্টোকস ও অ্যাটকিনসনের। যা নিয়ে ইসিবির পাশাপাশি প্রেম রাগবি ক্লাবও তদন্ত করছে। ওই ঘটনার তথ্য জানার কথা উল্লেখ করে সারাসেন্স কর্তৃপক্ষ এখন পুরো বিষয়টি ভালোভাবে উদঘাটনের অপেক্ষায়।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে ওয়েলিংটনের একটি নাইটক্লাবে যান হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। সেখানে একজন নিরাপত্তাকর্মীর সাথে তর্কে ও হাতাহাতিতে লিপ্ত হন ব্রুক। শুরুতে ব্রুক দাবি করেছিলেন যে, তিনি সেখানে একাই ছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে যে, তার সাথে সতীর্থ জ্যাকব বেথেল এবং ফাস্ট বোলার জশ টাং-ও উপস্থিত ছিলেন। এই দুই ক্রিকেটারও আচরণবিধি ভঙ্গের দায় স্বীকার করে নিয়েছেন। ফলে তাদের আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। এর আগে ব্রুবককে ৩০ হাজার পাউন্ড জরিমানা করে ইসিবি।
নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় গিয়েও মধ্যরাতে নাইটক্লাবে যাওয়া কিংবা মদকাণ্ডের ঘটনায় বেশ বিব্রত ছিল ইংল্যান্ড। সে কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে গিয়ে ক্রিকেটারদের রাতে বের হওয়া ঠেকাতে কারফিউ জারি করেছিল টিম ম্যানেজমেন্ট। যা এখনও অব্যাহত আছে বলে বিবিসি উল্লেখ করেছে।
এ ছাড়া ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলের একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনায় ইংল্যান্ড তারকা অলরাউন্ডার স্টোকস গ্রেপ্তার হয়েছিলেন। এক ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে তিনি ওই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন বলে জানান। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং আদালতে তার বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আনা হলেও বিচারকরা তাকে নির্দোষ ঘোষণা করেন।
এএইচএস
