ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমেরিকান মুল্লুকে বিশ্বকাপ অভিযানে নামছে আর্জেন্টিনা। আর সে কারণেই প্রতিপক্ষের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো।
আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে ডি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালিয়াফিকো বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই ভিন্ন।
তিনি বলছিলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপ খেলাটা আমাদের জন্য খুবই বিশেষ। আগেও বিশ্বকাপ খেলেছি, কিন্তু এবার আমরা শিরোপাধারী দল হিসেবে মাঠে নামছি। অনুভূতিটা তাই অন্যরকম।’
৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারের মতে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণে প্রতিটি দলই এখন আর্জেন্টিনাকে হারাতে চাইবে। ‘এবার সবাই আমাদের হারাতে চাইবে। কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার চাপটা আলাদা এবং খুবই কঠিন,’ বলেন তিনি।
তবে এই চাপ সামলানোর সামর্থ্য আর্জেন্টিনা দলের আছে বলেও বিশ্বাস তালিয়াফিকোর। তার ভাষায়, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা জানে এই জার্সির গুরুত্ব কী এবং বিশ্বকাপের মঞ্চে কীভাবে খেলতে হয়। তাই আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।’
হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একাদশে ছিলেন তালিয়াফিকো। তবে ম্যাচ শেষে কিছুটা ক্লান্তি অনুভব করায় আইসল্যান্ডের বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্ক্যালোনি।
এফআই

