বিশ্বকাপ শুরুর ঘণ্টা বাজছে। শিরোপা জয়ের আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামছে বড় বড় দলগুলো। পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ট্রফি খরা ঘুচাতে মরিয়া হয়ে আছে। দলের অন্যতম ফরোয়ার্ড লুইজ হেনরিক তো প্রতিদিনই মহানায়ক হওয়ার দৃশ্য কল্পনা করতে শুরু করেছেন, ফাইনালে ব্রাজিলের জয়সূচক গোল করার স্বপ্ন দেখছেন তিনি।
গ্লোবো-কে এক সাক্ষাৎকারে জেনিত স্ট্রাইকার বললেন, ‘আমি জানি না প্রতিপক্ষ কে, কিন্তু আমি জানি কীভাবে ফাইনালে আমি গোল করতে যাচ্ছি। প্রত্যেক দিন আমি এই দৃশ্য কল্পনা করি। আমার মেন্টর প্রত্যেক দিন বলেন, ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাও এবং বলো যে আমি ফাইনালে জয়সূচক গোল করতে যাচ্ছি। আমি সেরা খেলোয়াড় হতে যাচ্ছি।’
তিনি যোগ করলেন, ‘আমি প্রতিদিন এই দৃশ্য কল্পনা করি কারণ, যখন ওই মুহূর্ত আসবে আমি যেন প্রস্তুত থাকতে পারি এবং ওই গোল করায় ও ব্রাজিলিয়ান দলকে চ্যাম্পিয়ন বানাতে মনোযোগ রাখতে পারি।’
বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোর চারটায় শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ, প্রতিপক্ষ মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুটি ম্যাচ ২০ ও ২৫ জুন।
এফএইচএম

