বিজ্ঞাপন

কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান

কমনওয়েলথ গেমসে জিনাত, এশিয়ান গেমসের ফান রান

আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু। বাংলাদেশে ক্রীড়াঙ্গন ছাপিয়ে নাগরিক জীবনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ। এই উন্মাদনার মধ্যেও অন্য খেলাও চলছে।

২৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হবে কমনওয়েলথ গেমস। সেই গেমসে বক্সিংয়ে বাংলাদেশের বক্সার নির্ধারণের জন্য আজ ছিল ট্রায়াল। সেই ট্রায়ালে সহজেই উতরে গেছেন আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ফেডারেশনের সাধারণ সম্পাদক কুদ্দুস খান বলেন, ‘জিনাতের সঙ্গে ট্রায়ালে আর্মির নারী বক্সারের লড়ার কথা ছিল। তিনি অসুস্থতার জন্য আসতে পারেননি। এর পরবর্তীতে কায়েমা রহমান জিনাতের বিরুদ্ধে লড়লেও জিনাত জয়লাভ করেছেন।’

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের তিন জন বক্সার অংশগ্রহণ করবেন। রাকিব হোসেন ৫৫ ও রুহিন রেজা ৬০ কেজিতে খেলবেন। জিনাত ফেরদৌসের ওজন শ্রেণী ৫১। গেমসের ট্রায়ালের জন্য গত পরশু নিজের খরচেই আমেরিকা থেকে এসেছেন জিনাত। রোববার আবার ফিরে যাবেন।

কমনওয়েলথ গেমসের পরপরই রয়েছে এশিয়ান গেমস। ১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়া শহরে এই গেমস অনুষ্ঠিত হবে। এই গেমস উপলক্ষ্যে আজ ঢাকায় ফান রান আয়োজিত হয়েছে। সকালে র‌্যালিতে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

এরপর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কয়েকটি ডিসিপ্লিন এবং লোকজ খেলাধূলার প্রদর্শনী হয়। অংশগ্রহণকারীদের বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সনদ প্রদান করে। ফান রান ও এই অনুষ্ঠানে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং নাগোয়া গেমসের সাংগঠনিক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজেড/এইচজেএস 

বিজ্ঞাপন