বিজ্ঞাপন

ইংলিসের সঙ্গে আগ্রাসী আচরণের শাস্তি পেলেন নাহিদ

ইংলিসের সঙ্গে আগ্রাসী আচরণের শাস্তি পেলেন নাহিদ

অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসকে আউট করার পর আগ্রাসী উদযাপন করেছিলেন নাহিদ রানা। এমনকি উত্তপ্ত বাক্য বিনিময়ে শামিল হয়েছিলেন তিনি। মাঠে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেষ পর্যন্ত আইসিসির শাস্তির মুখে পড়েছেন এই বাংলাদেশি পেসার। তিরস্কারের পাশাপাশি রানাকে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি জানায়, মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন নাহিদ রানা। তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আইসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, এই ধারা অনুযায়ী আউট হওয়ার পর কোনো ব্যাটারের উদ্দেশে এমন আচরণ বা ইঙ্গিত করা নিষিদ্ধ, যা অপমানজনক হতে পারে কিংবা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে নাহিদ রানা তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।

এ নিয়ে গত ২৪ মাসে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দুইয়ে দাঁড়িয়েছে। তবে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন নাহিদ, তাই এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে, গত বছর সিলেট টেস্টে আয়ারল্যান্ড ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মেরেছিলেন নাহিদ রানা। সেই ঘটনায় নাহিদের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছিল। একই সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছিল এক ডিমেরিট পয়েন্ট। 

এসএইচ/আইএইচ