সোমালিয়ার প্রথম কোনো রেফারি হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়তেন ওমর আর্তান। কিন্তু তাকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যা নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার পর যুক্তরাষ্ট্র ব্যাখ্যায় বলেছে– ‘তিনি সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।’
৩৪ বছর বয়সী আর্তান ২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়েছিলেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার লক্ষ্যে গত সোমবার তিনি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে ফেরত পাঠানো হয়। যদিও কূটনীতিক এবং ‘সিঙ্গেল এন্ট্রি’ ইউএস ভিসা ছিল ওমর আর্তানের কাছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ১২ দেশের একটি সোমালিয়া। ট্রাম্প প্রশাসনের এক সূত্র জানিয়েছেন, ‘ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) তদন্তের পর সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতাসহ আপত্তিকর তথ্য জানা গেছে। যা ওই ভ্রমণকারীকে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের (আইএনএ) অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য করে তোলে।’
তিনি আরও জানান, ‘ওই ভ্রমণকারীর প্রবেশে অস্বীকৃতি জানিয়ে তার এমন অভিবাসন ফর্ম দেওয়া হয়, যেখানে আইএনএ-এর ৮২৩৫ ধারার অধীনে দ্রুত বহিষ্কার সম্পন্ন করার জন্য বলা হয়েছে। কোনো নিরাপত্তার হুমকি আছে এমন কাউকে ট্রাম্প প্রশাসন দেশে প্রবেশ করতে দেবে না।’
বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দারুণ সুযোগ হারানো ওমর আর্তান নিউইয়র্ক টাইমসকে জানান, সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সঙ্গে তার সংযোগের বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তিনি তাদের বলেছিলেন যে তিনি এই গোষ্ঠী সম্পর্কে কিছুই জানেন না।
পরবর্তীতে আর্তান যখন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৌঁছান নায়োকোচিত অভ্যর্থনা পান তিনি। আদেন আদ্দে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাষ্ট্রপতি হাসান শেখ মাহমুদের সঙ্গে দেখা করার আগে, সরকারি কর্মকর্তা, সোমালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান।
— VERSUS (@vsrsus) June 10, 2026
পরবর্তীতে আর্তান গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, ‘সকল কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই আমার দেশ ও জনগণকে। আমি এখানে যে উৎসাহ পেয়েছি, আমি জানি বিমানবন্দরের বাইরেও সমর্থন পাব। সবকিছুই পূর্বনির্ধারিত। ফিফা আমাকে ভালোভাবে সমর্থন করেছে এবং মোগাদিসু পৌঁছানো পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আমি আপনাদের কথা দিচ্ছি যে, পরবর্তী বিশ্বকাপে আমি ম্যাচ পরিচালনা করব।’
এএইচএস

