World Cup Football Field

বিজ্ঞাপন

আনচেলত্তির জন্মদিনেও অনুপস্থিত নেইমার, মরক্কো ম্যাচে খেলবেন?

আনচেলত্তির জন্মদিনেও অনুপস্থিত নেইমার, মরক্কো ম্যাচে খেলবেন?

ব্রাজিলের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমার জুনিয়র খেলবেন না– সেটি আগেই জানানো হয়েছিল। ফলে জাতীয় দলের সঙ্গে ওহিয়ো’র ক্লিভল্যান্ডে যাননি তিনি। তবে মরক্কোর বিপক্ষে ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এখনও নাকি জাতীয় দলের ক্যাম্পে আসেননি নেইমার, এমনকি কোচ কার্লো আনচেলত্তির জন্মদিন উদযাপনেও এই ফরোয়ার্ডকে দেখা যায়নি।

ক্লাব ফুটবলে বর্ণাঢ্য অধ্যায়ে বিরতি দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ আনচেলত্তির। তার অধীনে সেলেসাওরা ২৪ বছর পর বিশ্বশিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে। ফুটবলারদের কাছেও তিনি অনেক সম্মান ও প্রেরণার উৎস। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে গতকাল (বুধবার) ‘গার্ড অব অনারের’ ন্যায় আনচেলত্তির ৬৭তম জন্মদিন পালন করেছে ব্রাজিলের খেলোয়াড়রা। তবে এ সময় তারা বেশ সংযত ছিলেন।

বিনয় ও মজার সুরে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া বলছেন, ‘তিনি নিরাপদে এই জায়গা পার হয়েছেন, কেউ তাকে স্পর্শ করিনি।’ কোচের জন্মদিনেও কেন নেইমার ছিলেন না তা নিয়ে অবশ্য কথা বলেননি সতীর্থ বা দলের কোচিং স্টাফের কেউই। মে মাসের মাঝামাঝিতে এই তারকা সান্তোসের ম্যাচে মাংসপেশির গ্রেড টু ইনজুরিতে পড়েন, বিশ্বকাপ শুরুর আগে তার সেরে ওঠার আশাবাদী হয়েই নেইমারকে স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় আফ্রিকান জায়ান্ট মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। এখনও জাতীয় দলের অনুশীলনে যোগ না দেওয়ায় নেইমার ম্যাচটি মিস করতে পারেন বলে উল্লেখ করেছে রয়টার্স। এ ছাড়া গ্রুপ পর্বের কোন ম্যাচে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ফিরতে পারেন সেই নিশ্চয়তাও মেলেনি। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অপর ‍দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

নেইমারকে টুর্নামেন্টে নিয়মিত পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও, ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো উত্তরসূরীদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বর্তমানে ইএসপিএনের এই ক্রীড়া বিশ্লেষক বলছেন, ‘ব্রাজিল শীর্ষ ফেভারিট নয়, তবে তাদের খুব ভালো খেলোয়াড় আছে যারা একসঙ্গে দারুণ একটি দল হয়ে ওঠে। আমার মতে ভালো সুযোগ আছে তাদের।’

আনচেলত্তির ওপর ভরসা রাখছেন ব্রাজিলের জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাকও, ‘তার অধীনে এমন এক দল আছে, যাদের রক্ষণ থাকবে প্রতিপক্ষের কার্যকলাপ অনুযায়ী এবং বল পেলেই দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। এটি তরুণ একটি দল, যাদের শারীরিক অবস্থা ভালো এবং একজন দুর্দান্ত কোচ আছেন। আমি ব্রাজিলকে ফেভারিটদের তালিকায় রাখব।’

এএইচএস